যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প, সাড়াই দেননি কিম জং উন
ছবি: সংগৃহীত
১১:১১ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সাথে যোগাযোগ ও বৈঠকের জন্য বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রতিবারই তার সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। শনিবার (২১ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত বছর প্রচলিত কূটনৈতিক মাধ্যমে কিমের সাথে কথা বলার চেষ্টা করে সাড়া পাননি ট্রাম্প। পরে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার এক কূটনীতিকের মাধ্যমে তিনি একটি চিঠি পাঠালেও তা না খুলেই ফেরত পাঠানো হয়।
সবশেষ সম্প্রতি এশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পাশাপাশি কিমের সাথেও দেখা করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু বৈঠকের জন্য উত্তর কোরিয়া এমন কিছু শর্ত দেয়, যা হোয়াইট হাউসের পক্ষে মানা সম্ভব ছিল না। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কিম এখন উত্তর কোরিয়াকে বৈধ পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মার্কিন স্বীকৃতি দিতে চাপ দিচ্ছেন।
এর আগে প্রথম মেয়াদে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) কিমের সাথে তিনবার বৈঠক করেছিলেন ট্রাম্প। ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরের বৈঠকটি ছিল কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের সাথে উত্তর কোরিয়ার নেতার প্রথম সাক্ষাৎ। তবে তিন দফা বৈঠক হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে কোনো চুক্তি হয়নি। ২০১৯ সালে আলোচনা ভেস্তে যাওয়ার পর উত্তর কোরিয়া ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াও আবার চালু হয়। সূত্র: ইয়াহু নিউজ
একেএস