ইরানি হামলায় নিহত ৬ মার্কিন সেনার পরিবার পেন্টাগনের তদন্তে অসন্তুষ্ট
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ২২ নভেম্বর, ২০২৬
ইরানের ড্রোন হামলায় কুয়েতে নিহত ছয় মার্কিন সেনার মৃত্যুর ঘটনায় পেন্টাগনের তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের স্বজনেরা। তাদের অভিযোগ, সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে হামলার আগে নিরাপত্তা প্রস্তুতির ঘাটতি এবং হামলার পর উদ্ধার ও চিকিৎসাব্যবস্থার ব্যর্থতা নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, গত সপ্তাহে অন্তত তিনটি নিহত সেনার পরিবারকে তদন্তের অপ্রকাশিত ফলাফল সম্পর্কে ব্রিফ করেছে সেনাবাহিনী। তবে প্রতিবেদন শুনে স্বজনদের অনেকেই হতাশ হয়েছেন। তাদের দাবি, আট মাস ধরে সিবিএসের অনুসন্ধানে উঠে আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোরও যথাযথ উত্তর নেই এতে।
গত ১ মার্চ ইরানের ড্রোন হামলায় কুয়েতের পোর্ট শুয়াইবা নামের মার্কিন সামরিক কমান্ড পোস্টে ছয় সেনা নিহত হন। এটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর মার্কিন সেনাদের ওপর প্রথম দিকের হামলাগুলোর একটি। নিহত সবাই ছিলেন মার্কিন সেনাবাহিনীর রিজার্ভ সদস্য।
সিবিএসের অনুসন্ধানে একাধিক সূত্র দাবি করেছিল, হামলার কয়েক সপ্তাহ আগে ড্রোনের হুমকি নিয়ে বারবার সতর্ক করা হলেও সেনা কমান্ডাররা তা উপেক্ষা করেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একমুখী আক্রমণকারী ড্রোন প্রতিহত করার মতো সুরক্ষাব্যবস্থা ঘাঁটিতে ছিল না। যুদ্ধের আগে মার্কিন গোয়েন্দা তথ্যেও ওই স্থাপনা ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকার কথা জানা গিয়েছিল। পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী ও ব্যাপক হতাহতের পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনারও ঘাটতি ছিল বলে অভিযোগ।
এদিকে হামলা থেকে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা মেজর স্টিফেন র্যামসবটম গত ১৩ নভেম্বর কংগ্রেসের কাছে হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দিয়েছেন। তার দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তারা ড্রোন হামলার ঝুঁকি সম্পর্কে সতর্কবার্তা পেয়েও প্রয়োজনীয় প্রতিরক্ষাব্যবস্থা নেননি। তিনি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।
নিহতদের স্বজনদের ব্রিফিংয়ে নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল পিটার গ্লাস। প্রায় তিন ঘণ্টার একটি বৈঠক শেষে এক স্বজন বলেন, শুনে ভালো লাগার মতো নতুন কোনো তথ্য পাননি তিনি।
নিহত মাস্টার সার্জেন্ট নিকোল আমোরের স্বামী জোয়ি আমোরের ধারণা, যথাযথ পরিকল্পনা থাকলে তার স্ত্রী বেঁচে যেতে পারতেন। তবে তদন্তকারীরা তাকে জানিয়েছেন, আঘাত এতটাই গুরুতর ছিল যে চিকিৎসাসামগ্রী থাকলেও তাকে বাঁচানো সম্ভব হতো না।
তদন্তের ফল জুনে চূড়ান্ত হলেও পরিবারগুলোকে তা জানাতে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করায় ক্ষোভ আরও বেড়েছে। সূত্র : সিবিএস নিউজ
একেএস