চলতি মাসে তৃতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়াল ভারত
ছবি: সংগৃহীত
১০:০১ এএম | ২৩ মে, ২০২৬
ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো। খবর রয়টার্স-এর।
শনিবার (২৩ মে) ডিলারদের পক্ষ থেকে জ্বালানি তেলের এই নতুন দাম কার্যকর করার তথ্য জানিয়েছেন জ্বালানি বিক্রেতারা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজধানী নয়াদিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৯.৫১ রূপি। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলে ৯১ পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২.৪৯ রূপি।
বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ ভারত। তবে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পরও খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়াতে বড় অর্থনীতিগুলোর মধ্যে ভারত ছিল শেষের দিকের দেশগুলোর একটি।
চলতি মাসে তিন দফা মূল্যবৃদ্ধির ফলে ভারতে জ্বালানির দাম মোট প্রায় ৫ রুপি বেড়েছে। গত ১৫ মে ঘোষিত মূল্যবৃদ্ধি ছিল চার বছরের মধ্যে ভারতের প্রথম জ্বালানি মূল্য সমন্বয়।
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো একবারে দাম না বাড়িয়ে ধাপে ধাপে খুচরা মূল্য বাড়াচ্ছে। ২০২২ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরপরই ঠিক একইভাবে তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো।
ভারতের প্রধান বিরোধী দলগুলোর অভিযোগ, সম্প্রতি শেষ হওয়া কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোটারদের মন জয় করতে এবং রাজনৈতিক ফায়দা লুটতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এতদিন তেলের দাম বাড়াতে দেয়নি এবং নির্বাচন শেষ হতেই সাধারণ মানুষের পকেট কাটছে।
এদিকে 'ভারত পেট্রোলিয়াম'-এর চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমান বর্ধিত মূল্যের পরও তাদের প্রতি লিটার ডিজেলে ২৫ থেকে ৩০ রূপি এবং প্রতি লিটার পেট্রোলে ১০ থেকে ১৪ রূপি পর্যন্ত রাজস্ব ঘাটতি বা লোকসান গুনতে হচ্ছে।
ভারতের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেল শোধনাগারগুলোকে সচল রাখতে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আর্থিক প্রণোদনা বা ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই।
উল্লেখ্য, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম— এই তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থাই যৌথভাবে ভারতের ১ লক্ষ ৩ হাজার জ্বালানি স্টেশনের ৯০ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে এবং সাধারণত তারা একযোগেই তেলের দাম নির্ধারণ করে থাকে।
কেএন/টিএ