৪ ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
ছবি: সংগৃহীত
১১:২১ এএম | ২৩ মে, ২০২৬
ভারত সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্র মার্কো রুবিও। শনিবার থেকে মঙ্গলবারের (২৬ মে) এই সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে। এদিন তিনি চার ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় পা রাখেন। পরে সফরের বিভিন্ন পর্যায়ে রুবিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ভারত সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
শনিবার সাতসকালে সস্ত্রীক কলকাতা বিমানবন্দরে নামেন রুবিও। সেখান থেকে তিনি প্রথমে যাবেন মাদার তেরেসা হাউস, তারপর যাবেন একটি বেসরকারি এনজিও ভিক্টোরিয়া চিলড্রেন হোমে। এখান থেকেই আবার সরাসরি বিমানবন্দরের হয়ে দিল্লি যাবেন রুবিও।
ইতোমধ্যেই তার কলকাতায় আসার খবর কলকাতায় অবস্থিত মার্কিন দুতাবাস থেকে জানিয়ে দেয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে।
দীর্ঘ ১৪ বছর পর ফের কোনো হাইপ্রোফাইল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পা পড়ল তিলোত্তমায়। শেষবার ২০১২ সালের নভেম্বর মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকা হয়ে কলকাতায় এসেছিলেন। দীর্ঘ বৈঠক করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে।
পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তনের পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বেশ কয়েকদিন ধরে আলোচনায় ছিল রুবিওর ভারত সফরে পৃথক বৈঠক হতে পারে শুভেন্দু অধিকারীর সঙ্গে। কিন্তু সূচি অনুযায়ী কলকাতায় এমন কোনো বৈঠকের সম্ভাবনা কার্যত নেই। তবে দিল্লিতে মুখোমুখি হতে পারেন শুভেন্দু-রুবিও। সেক্ষেত্রে কলকাতায় নতুন বিনিয়োগের কোনো রাস্তা প্রশস্ত হয় কিনা, নজর থাকবে সেদিকে।
অন্যদিকে এই প্রথম ভারত সফরে এলেন রুবিও। জানা গেছে, কলকাতা সফর সেরে দিল্লি পৌঁছবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক হতে পারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও।
রুবিওর এই সফরের শেষ দিনে, অর্থাৎ ২৬ মে নয়াদিল্লিতে বসছে ‘কোয়াড’ গোষ্ঠীভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মেগা বৈঠক। ভারত এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করছে। বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের জেরে তৈরি হওয়া আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও তার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। নয়াদিল্লির এই বৈঠকে রুবিও ছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিতসু। কোয়াডের এই হাইভোল্টেজ বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
কলকাতা ও দিল্লির পর তিনি যাবেন উত্তরপ্রদেশের আগ্রা, রাজস্থানের জয়পুরেও। সফর চলাকালীন রুবিও ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মূলত জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
শুক্রবার ২২ মে সুইডেনে আয়োজিত ‘ন্যাটো’ সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন রুবিও। সেখান থেকেই সরাসরি তিনি ভারতের উদ্দেশে রওনা দেন।
কেএন/টিএ