৪ দিনের সফরে চীন গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:১৮ পিএম | ২৩ মে, ২০২৬
চার দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শনিবার (২৩ মে) পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার, পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, তথ্যপ্রযুক্তি মন্ত্রী শাজা ফাতিমা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক ফাতেমি।
এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ২৩ থেকে ২৬ মে পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী চীন সফর করবেন। পাকিস্তান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপনের এই সময়ে সফরটি বিশেষ তাৎপর্য বহন করছে। এই সফর দুই দেশের মধ্যকার সর্বাত্মক কৌশলগত সমবায় অংশীদারিত্বকে পুনর্নিশ্চিত করার পাশাপাশি একটি ঘনিষ্ঠ অংশীদারিত্বের যৌথ ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবে।
চীন সফরকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াং-সহ শীর্ষস্থানীয় চীনা নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করা হবে। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেক (CPEC)-এর উচ্চ-মানের উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, শিল্প সহযোগিতা, কৃষি আধুনিকীকরণ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঝেজিয়াং প্রদেশের হাংঝু থেকে তার সফর শুরু করবেন, যেখানে তিনি পাকিস্তান-চীন বিটুবি (বিজনেস-টু-বিজনেস) ইনভেস্টমেন্ট কনফারেন্সে সভাপতিত্ব করবেন। বেইজিংয়ে তিনি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী স্মরণে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদাবি তার সাপ্তাহিক ব্রিফিংয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শাহবাজ এবং চীনা নেতৃত্বের মধ্যে আলোচনায় চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা তথা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা হতে পারে। মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ও শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান ও চীন নিবিড় সমন্বয় বজায় রেখে চলছে এবং প্রধানমন্ত্রীর সফরে এই বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হবে।
সূত্র: জন
এমআই/টিকে