© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা, পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করল ইরান

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা, পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ করল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৯ এএম | ২৪ মে, ২০২৬
ওয়াশিংটনের সাথে কূটনৈতিক আলোচনার মাঝেই নতুন করে মার্কিন হামলার আশঙ্কায় শনিবার পশ্চিমাঞ্চলের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। 

এই জরুরি নির্দেশনার ফলে তেহরানের ‘ফ্লাইট ইনফরমেশন রিজিওন’-এর পশ্চিমাঞ্চলীয় সেক্টরে অবস্থিত সব বিমানবন্দরে বেসামরিক ফ্লাইটের অনুমতি বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো ইরানে এখন মাত্র আটটি বিমানবন্দর সচল রয়েছে। যার মধ্যে তেহরানের মেহরাবাদ ও ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও ইসফাহান ও ইয়াজদের বিমানবন্দর উল্লেখযোগ্য।

তবে সচল থাকা এসব বিমানবন্দরেও ফ্লাইট চলাচল কেবল সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সীমিত করা হয়েছে এবং প্রতিটি আলাদা ফ্লাইটের জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে নতুন করে অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আঞ্চলিক চরম উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মুখেই এমন কঠোর পদক্ষেপ নিল তেহরান। এর আগে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এবং সিবিএস নিউজ এক প্রতিবেদনে জানায়, জোরালো কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন।

মার্কিন সামরিক বাহিনী এই সপ্তাহের শেষেই সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানালেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা এখনও নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকার পূর্বনির্ধারিত সূচি বাতিল করে রাষ্ট্রীয় জরুরি কাজের কথা বলে ওয়াশিংটনেই অবস্থান করছেন, যা সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

অবশ্য চলমান এই উত্তেজনা প্রশমন এবং একটি রাজনৈতিক সমাধানে পৌঁছাতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান শুক্রবারেই তেহরান সফর করেছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন