যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানালেন স্টারমার
ছবি: সংগৃহীত
০৩:৫০ পিএম | ২৪ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এমন একটি চুক্তি প্রয়োজন যা চলমান উত্তেজনার অবসান ঘটাবে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় স্বাভাবিকভাবে খুলে দিতে সহায়তা করবে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের এমন একটি সমঝোতা দেখতে হবে যা সংঘাতের অবসান ঘটাবে এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করবে।
তিনি আরও বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টারমার জানান, দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধান অর্জনে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।
এদিকে ইরানকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পৃথিবীতে ইরানের চেয়ে বেশি সন্ত্রাসবাদে অর্থায়ন করে এমন আর কোনো দেশ নেই।
রুবিওর দাবি, ইরান জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন দিতে অর্থ ব্যয় করছে।
হিজবুল্লাহ ও হামাসকে ইরানের অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স-এর অংশ হিসেবে বিবেচনা করা হয়। এটি মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী ইরানঘনিষ্ঠ রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক।
এমআই/এসএন