ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে ট্রাম্প-নেতানিয়াহুর ঐক্য
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২৪ মে, ২০২৬
ইরানের সাথে যেকোনো সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে দেশটির পরমাণু কর্মসূচি বন্ধের শর্ত থাকতে হবে, এমন বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ঐকমত্যে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রোববার (২৪ মে) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
নেতানিয়াহু বলেন, গতকাল রাতে আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলেছি। আমরা উভয়েই এই বিষয়ে একমত হয়েছি যে, ইরানের সাথে যেকোনো চুক্তি হতে হলে তা অবশ্যই দেশটির পরমাণু কর্মসূচির অবসান করার মাধ্যমে হতে হবে।
এই শর্তের পরিধি স্পষ্ট করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, এর স্পষ্ট অর্থ হলো ইরানের ভেতরে থাকা পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র বা স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করতে হবে এবং ইতোমধ্যেই সমৃদ্ধ করা সমস্ত পরমাণু উপাদান দেশটির ভূখণ্ড থেকে অপসারণ করতে হবে।
ইরানের পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষাকে যেকোনো মূল্যে প্রতিহত করার ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো আমার নীতিও অপরিবর্তিত রয়েছে। ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।
আইকে/টিএ