© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুব কাছাকাছি থাকলেও চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি : জেডি ভ্যান্স

শেয়ার করুন:
খুব কাছাকাছি থাকলেও চূড়ান্ত হয়নি যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি : জেডি ভ্যান্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ২৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা অনেক দূর এগোলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো অমীমাংসিত রয়ে গেছে। আজ শুক্রবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তির অগ্রগতির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়ে বলেন, ‘আমরা চুক্তির খুব কাছাকাছি আছি। তবে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইনি।’

প্রস্তাবিত এই চুক্তির প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে সংলাপ শুরু করা।

এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, দুই দেশ একটি চুক্তির খসড়ায় নীতিগতভাবে সম্মত হলেও তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তবে ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ যথারীতি দাবি করেছে, এখনো কোনো চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়নি।

জেডি ভ্যান্সের মতে, চলমান আলোচনার সবচেয়ে স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। ওয়াশিংটন চায় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন সম্পূর্ণ বন্ধ করুক এবং তাদের বর্তমান মজুদ সরিয়ে ফেলুক, যেন তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত না হতে পারে।

চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালিতে পুনরায় অবাধ জাহাজ চলাচলের সুযোগ দেওয়া হতে পারে, যার জন্য ইরানকে ওই জলপথ থেকে মাইন অপসারণে ৩০ দিন সময় দেওয়া হবে।
এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করতে পারে, যাতে তেহরান আবারও তেল রপ্তানি শুরু করার সুযোগ পায়।

গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার একটি সফল সমঝোতার দাবি করে আসলেও এখন পর্যন্ত দৃশ্যমান বড় কোনো অগ্রগতি হয়নি। ফলে উপসাগরীয় মিত্র দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও খোদ রিপাবলিকান দলের অনেক নেতাই এই দীর্ঘায়িত যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

রাজনৈতিক এই টানাপড়েনের মধ্যেই মাঠ পর্যায়ে দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) একটি মার্কিন ঘাঁটিতে হামলা এবং যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের কোনো আকাশযান ভূপাতিত হয়নি এবং সব মার্কিন বিমান সম্পূর্ণ নিরাপদ রয়েছে।

চূড়ান্ত এই ভূ-রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট করে জানিয়েছেন, খসড়া বা আলোচনা যে পর্যায়েই থাকুক না কেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নেবেন।

কেএন/এসএন

মন্তব্য করুন