© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

শেয়ার করুন:
প্রায় ১০ বছর পর বড় পর্দায় ফিরছে ‘আইস এজ’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪১ পিএম | ০৬ জুন, ২০২৬
এনিমেশনপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রায় এক দশক পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় প্রাগৈতিহাসিক দল ম্যানি, সিড ও ডিয়েগো। ডিজনি আনুষ্ঠানিকভাবে এই আইকনিক এনিমেটেড ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ পর্বের ঘোষণা দিয়েছে।


নতুন এই সিনেমার নাম রাখা হয়েছে ‘আইস এজ : বয়েলিং পয়েন্ট’। ডিজনির এই ঘোষণায় বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিটির ভক্তদের মাঝে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সিনেমার গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ না করা হলেও প্রাথমিক আভাসে জানা গেছে, এবারের প্রেক্ষাপট চেনা বরফাবৃত পরিবেশের চেয়ে অনেকটাই আলাদা হবে। ম্যানি ও তার দল এবার এমন এক প্রাগৈতিহাসিক জগতে গিয়ে পড়বে, যেখানে থাকবে ফুটন্ত লাভা, আগ্নেয়গিরির উত্তাপ এবং সম্পূর্ণ বদলে যাওয়া এক নতুন ভূখণ্ড।




ডিজনি জানিয়েছে, ‘আইস এজ : বয়েলিং পয়েন্ট’ আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীর্ঘদিনের ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, সিনেমার মূল চরিত্রের কণ্ঠশিল্পীরাই আবার ফিরছেন। রে রোমানো (ম্যানি), জন লেগুইজামো (সিড), ডেনিস লিয়ারি (ডিয়েগো), সাইমন পেগ (বাক) ও কুইন লাতিফা (এলি)—সবাইকে নিজ নিজ চরিত্রে আবার কণ্ঠ দিতে শোনা যাবে।
যোগাযোগমাধ্যমগুলোতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।


ইনস্টাগ্রামের কমেন্ট বক্সে এক ভক্ত লিখেছেন, ‘আজ আমার জীবনের সেরা দিন।’ আরেকজন লিখেছেন, ‘এখনই আইস এজ ম্যারাথন (আগের সব পর্ব একসঙ্গে দেখা) শুরু করতে হচ্ছে।’
‘টয় স্টোরি’, ‘শ্রেক’ এবং এখন ‘আইস এজ’-এর মতো কালজয়ী ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রত্যাবর্তনকে এনিমেশনের স্বর্ণযুগের পুনরুজ্জীবন হিসেবে দেখছেন দর্শকরা। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘আইস এজ : কোলিশন কোর্স’-এর পর দীর্ঘ ১০ বছর এই ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা আসেনি। পুরনো ও নতুনের মেলবন্ধন ঘটিয়ে নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর ডিজনির যে ধারাবাহিক চেষ্টা, এই সিনেমার ঘোষণা তারই একটি বড় অংশ।


সূত্র : গালফ নিউজ

এসএ/টিএ


মন্তব্য করুন