মা হওয়ার ঘোষণা বুবলীর, তবে নীরব শাকিব
ছবি: সংগৃহীত
০৩:১০ পিএম | ০৬ জুন, ২০২৬
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে গত কয়েক মাস ধরেই ঢালিউডে গুঞ্জন চলছিল - দ্বিতীয়বার মা হতে দেশের বাইরে পাড়ি জমিয়েছেন তিনি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবরটি জানান এই চিত্রনায়িকা। এরপরই অভিনেতার মন্তব্য জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।
চলতি বছরে গত ১১ মে বুবলী কন্যাসন্তানের মা হন। পৃথিবীতে আসা নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান। পোস্টে বুবলী সরাসরি শাকিব খানকে ট্যাগ করে শারলিনের বাবা হিসেবে উল্লেখ করেছেন।

তবে বুবলীর এ ঘোষণার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও শাকিব খানের পক্ষ থেকে আসেনি কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা গণমাধ্যম-কোথাও বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি।
শাকিব খানের এ নীরবতাই এখন বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। ভক্তদের মনে চলছে হাজারও জল্পনা-কল্পনা। তিনি কবে এ বিষয়ে মুখ খুলবেন, তার বক্তব্যে এ আলোচিত অধ্যায়ের নতুন কোনো মোড় আসবে কি না তা জানার জন্য সবার নজর এখন শাকিব খানের দিকে। কিন্তু এ মেগাস্টার ব্যক্তিগত বিষয়ে নিশ্চুপ। সিনেমার শুটিং ও সিনেমা সংশ্লিষ্ট ইভেন্টে অংশগ্রহণে ব্যস্ত সময় পার করছেন।

পারিবারিক সম্পর্কের বিষয়ে অবশ্য শাকিব খান অতীতে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, অপু বিশ্বাস ও বুবলী-দুজনই তার জীবনের অতীত অধ্যায়। তাদের সঙ্গে সম্পর্ক পুনরায় জোড়া লাগার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেছিলেন তিনি। যদিও অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলেও বুবলীর সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
এমন পরিস্থিতিতে শাকিবের নীরবতা নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সদ্য জন্ম নেয়া কন্যাসন্তানকে ঘিরে কি বদলাবে তার অবস্থান নাকি ব্যক্তিগত সম্পর্কের পুরনো সমীকরণেই অবিচল থাকবেন-এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভক্ত-অনুরাগীদের মাঝে। আলোচিত এ অধ্যায়ের নতুন কোনো মোড় আসে কি না, সেটাই এখন দেখার অপেক্ষায় শাকিব ভক্তরা।
এসএ/টিএ