কাজ শেষে দেশে ফিরব: মোস্তফা সরয়ার ফারুকী
ছবি: সংগৃহীত
১০:৪১ এএম | ০৭ জুন, ২০২৬
অস্ট্রেলিয়া সফরে থাকা নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে নানা আলোচনা ও গুঞ্জন চলছে। অনেকে দাবি করছেন, তিনি আর দেশে ফিরবেন না। তবে এসব আলোচনাকে গুঞ্জন বলে নাকচ করে দিয়েছেন ফারুকী।
এত এত আলোচনা হলেও নিজ থেকে ফেসবুকে বা অন্যমাধ্যমে তিনি কোনো উত্তর দেননি। এ বিষয়ে রোববার সকালে দেশের একটি গণমাধ্যমের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘উপদেষ্টা হওয়ার আগেও আমার একটা ক্যারিয়ার ছিল। সেই ক্যারিয়ারেই আমি ফিরে আসছি। উপদেষ্টা হওয়ার আগেও কাজের প্রয়োজনে বহুবার দেশের বাইরে যেতে হয়েছে। গেছি, আবার ফিরেছিও।’
তিনি বলেন, ‘এখন উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পরও প্রয়োজন হলে বাইরে যাচ্ছি, কাজ শেষ হলে দেশে ফিরব। আবার প্রয়োজন হলে বাইরে যাব, আবার ফিরব। এবারও তার ব্যতিক্রম কিছু নয়।’
এদিকে তার অস্ট্রেলিয়া সফর নিয়ে অভিনেত্রী অরুণা বিশ্বাসসহ কয়েকজনের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে ফারুকী বলেছেন, তার এই সফর সম্পূর্ণ পেশাগত প্রয়োজনেই এবং দেশে না ফেরার গুঞ্জনের কোনো ভিত্তি নেই।
কেএন/টিকে