হঠাৎ কনসার্ট বাতিলের ঘোষণা দিলেন চার্লি পুথ
ছবি: সংগৃহীত
০২:৩৯ পিএম | ০৭ জুন, ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে পূর্বনির্ধারিত শনিবারের (৬ জুন) কনসার্টটি বাতিল করতে বাধ্য হয়েছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে ভক্তদের এই দুঃসংবাদ জানিয়েছেন চারবার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পী।
ইনস্টাগ্রামে চার্লি পুথ লিখেছেন, ‘আজকের শো বাতিল করতে আমার খুব কষ্ট হচ্ছে। গত কয়েক দিন ধরেই আমি অসুস্থ। চিকিৎসকরা আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, তা না হলে পুরো ট্যুরের বাকি কনসার্টগুলো বাতিল করার ঝুঁকি তৈরি হবে।’ তিনি আরো জানান, কণ্ঠ পুরোপুরি ঠিক না থাকায় ভক্তদের সেরা পারফরম্যান্স দেওয়া তার পক্ষে সম্ভব নয়।
এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না উল্লেখ করে তিনি ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সুস্থ হয়ে মঞ্চে ফেরার আশা ব্যক্ত করেছেন।
চার্লি পুথ বর্তমানে তার চতুর্থ স্টুডিও অ্যালবামের নামানুসারে ‘হোয়াটএভার’স ক্লেভার!’ নামক বিশ্ব সফরে রয়েছেন। গত ২২ এপ্রিল সান ডিয়েগোতে এই সফর শুরু হয় এবং আগামী ৩০ জুলাই পোল্যান্ডের ওয়ারশতে এটি শেষ হওয়ার কথা রয়েছে।
সূত্র : ভ্যারাইটি
কেএন/টিকে