© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোমান্টিক সিনেমায় ত্রিশ পেরোলেই অভিনেত্রীদের উপেক্ষা, ক্ষোভ তাপসীর

শেয়ার করুন:
রোমান্টিক সিনেমায় ত্রিশ পেরোলেই অভিনেত্রীদের উপেক্ষা, ক্ষোভ তাপসীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩০ পিএম | ০৭ জুন, ২০২৬
বলিউডে নারী ও পুরুষ তারকাদের ক্ষেত্রে বয়সভিত্তিক বৈষম্যের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছেন অভিনেত্রী তাপসী পান্নু।  তার অভিযোগ, ইন্ডাস্ট্রিতে এখনো এমন একটি প্রচলিত ধারণা রয়েছে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক বা কমেডি ঘরানার সিনেমায় প্রধান চরিত্রে নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যায়।


সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তাপসী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে এখনো এমন ধারণা কাজ করে যে ৩০ বছরের বেশি বয়সী অভিনেত্রীদের রোমান্টিক, কমেডি ঘরানার ছবিতে নিতে চায় না।’ এই মানসিকতার সমালোচনা করে তিনি বলেন, ‘যদি বয়স সত্যিই একটি মানদণ্ড হয়, তাহলে সেটা নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে হওয়া উচিত।’

নিজের বক্তব্যের পক্ষে তিনি বলিউডের জনপ্রিয় পুরুষ তারকাদের দীর্ঘ ক্যারিয়ারের উদাহরণও তুলে ধরেন। বিশেষ করে শাহরুখ খানকে উল্লেখ করে তাপসী বলেন, ‘বয়স বাড়লেও তিনি এখনো রোমান্টিক ঘরানার সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এবং দর্শকের কাছে গ্রহণযোগ্য।



‘সমস্যা বয়স নয়, সমস্যা দৃষ্টিভঙ্গি’ উল্লেখ করে তিনি বলেন, ‘৩০ বছরের পর অনেক অভিনেত্রীকে রোমান্টিক লিড চরিত্রে কম দেখা যায়, অথচ তাদের দক্ষতা বা জনপ্রিয়তা কমে না।’

তাপসীর বিশ্বাস, সময়ের সঙ্গে এই মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার ভাষায়, ‘আধুনিক সিনেমায় চরিত্র ও গল্পই হওয়া উচিত মূল বিষয়, বয়স নয়।’ ১৯৮৭ সালে জন্ম নেওয়া তাপসী পান্নু ২০১০-এর দশকের শুরু থেকে বলিউডে কাজ করছেন।


শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘পিংক’, ‘বদলা’, ‘থাপ্পড়’, ‘মিশন মঙ্গল’, ‘মারজাবান’, ‘হাসিন দিলরুবা’ এবং ‘দুনকি’।
বর্তমানে তিনি বলিউডের ব্যস্ত অভিনেত্রীদের অন্যতম। সাম্প্রতিক সময়ে অনুভব সিনহার পরিচালনায় ‘অস্সি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন, যা ২০২৬ সালে মুক্তি পেয়েছে এবং তার অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া তার আসন্ন কাজের তালিকায় রয়েছে কনিকা ধিল্লনের সঙ্গে নির্মিত নেটফ্লিক্স থ্রিলার ‘গান্ধারী’, যেখানে তাকে একটি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে।


পাশাপাশি আরও কয়েকটি নতুন প্রজেক্টে কাজ করছেন তিনি, যেগুলো ২০২৬–২০২৭ সালে পর্যায়ক্রমে মুক্তির কথা রয়েছে।


এসএ/টিএ
 

মন্তব্য করুন