© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চারবার স্ট্রোকের পর গান থেকে বিদায়ের ইঙ্গিত রিংকুর

শেয়ার করুন:
চারবার স্ট্রোকের পর গান থেকে বিদায়ের ইঙ্গিত রিংকুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ০৭ জুন, ২০২৬
চারবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর জীবন যেন পুরোপুরি বদলে গেছে ক্লোজআপ ওয়ানখ্যাত জনপ্রিয় লোকসংগীতশিল্পী মশিউর রহমান রিংকুর। ২০২০ সাল থেকে শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়ার পর তিনি নিজ গ্রামের বাড়িতেই নিভৃতে দিন কাটাচ্ছেন।
 
শারীরিক অবস্থার কারণে সংগীতাঙ্গনে আর ফেরা সম্ভব নয় বলেই মনে করছেন এই শিল্পী। তবে তার শেষ চাওয়া, তার সৃষ্টি করা গানগুলো যেন হারিয়ে না যায়।

সম্প্রতি ‘পথের গল্প’ নামের একটি ট্রাভেল ডকুমেন্টারিতে অংশ নিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থা, ফেলে আসা ক্যারিয়ার এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রিংকু।

তিনি বলেন, ‘পুরোপুরি গানে ফেরার ইচ্ছা আমার নেই। ইচ্ছা করলেও সেই সম্ভাবনা নেই। কারণ, চারবার স্ট্রোক হয়েছে, এর মধ্যে একবার-দুবার তো কেউ জানতই না। চারবার যখন স্ট্রোক হয়ে গেল, তখন আমি বুঝলাম সব আশা শেষ। এটা মানতে হবে, কারণ এটাই সত্য।

আসলে আমি যেভাবে ব্যাক করতে চাই, সেভাবে আর হবে না। পরিপূর্ণভাবে ব্যাক করতে না পারলে ব্যাক করার দরকার নেই। আমি মরে গেলেও গানগুলো তো থাকবে। একটাই আহ্বান আমার, গানগুলো যেন নষ্ট না হয়।’
শহরের মানুষের সম্পর্ক নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই শিল্পী।



তার কথায়, ‘শহরের মানুষের ভালোবাসা হচ্ছে কাজের জন্য ভালোবাসা। আর গ্রামের মানুষের ভালোবাসা অরিজিনাল। তারাই এখন আমার বন্ধু। একটা কথা আছে- কাজ করলে কাজী, কাজ ফুরালে পাজি। ঠিক তেমন হচ্ছে শহরের মানুষের ভালোবাসা। যদি কারও কাজ করে দিতাম তাহলে ভালোবাসত, কাজ না করে দিলে আমি নেই- বিষয়টি এমন আরকি। সেই সময়ের কোনো বন্ধুই নেই এখন। কেউ খোঁজ রাখে না। যদি কারও জন্য কিছু করে থাকি, সেটা আমি করেছি। কিন্তু কারও সিমপ্যাথি আমি চাই না।’

রিংকু জানান, বর্তমানে গ্রামের সাধারণ মানুষের আন্তরিক ভালোবাসাই তাকে বেঁচে থাকার শক্তি জোগাচ্ছে। জীবনের কঠিন এই সময়ে তাদের সঙ্গেই তিনি খুঁজে পেয়েছেন প্রকৃত বন্ধুত্ব ও নতুন করে বাঁচার প্রেরণা।

এসএ/টিএ



মন্তব্য করুন