© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন, পেডি বিতর্কে জাহ্নবী

শেয়ার করুন:
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন, পেডি বিতর্কে জাহ্নবী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ০৭ জুন, ২০২৬
মুক্তির পর থেকেই রাম চরণ অভিনীত ‘পেডি’ সিনেমাকে ঘিরে নানা আলোচনা চলছে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি ছবিটির কিছু দৃশ্যে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

অনেকের অভিযোগ, চরিত্রের চেয়ে অভিনেত্রীর শারীরিক সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এই বিতর্কের মধ্যেই সিনেমার পরিচালক সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়ে জানান, নারীদের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং কাউকে অসম্মান করার কোনো উদ্দেশ্য তার ছিল না।

তবে বিতর্ক আরো বাড়ে একটি কথিত ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর। সেখানে দাবি করা হয়, জাহ্নবী কাপুর নিজেও সিনেমায় তাকে যেভাবে চিত্রায়িত করা হয়েছে, সে বিষয়ে আগে থেকেই আপত্তি জানিয়েছিলেন।


এমনকি তার শারীরিক সৌন্দর্যকে বিশেষভাবে তুলে ধরা না হয়, সে বিষয়ে তিনি একাধিকবার অনুরোধ করেছিলেন বলেও দাবি করা হয়। 
একই দাবিতে অভিনেতা রাম চরণও তাকে সমর্থন করেছিলেন বলে ওই কথোপকথনে উল্লেখ রয়েছে।

নিউজ এইটিনের প্রতিবেদন বলছে, ভাইরাল হওয়া চ্যাট অনুযায়ী, চরিত্রের গভীরতার তুলনায় অতিরিক্ত শরীর প্রদর্শনকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অসন্তোষ প্রকাশ করেছিলেন জাহ্নবী। বিষয়টি ফ্যান ক্লাবের সঙ্গে এক আলাপচারিতার সময় সামনে এসেছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে আলোচনায় উঠে এসেছে কিয়ারা আদভানির নামও। দাবি করা হচ্ছে, এর আগে ‘গেম চেঞ্জার’ সিনেমায় তার কিছু দৃশ্য নিয়েও একই ধরনের বিতর্ক তৈরি হয়েছিল এবং সেসব দৃশ্য বাদ দেওয়ার অনুরোধ করেছিলেন অভিনেত্রী। 

সেই প্রসঙ্গ টেনে কথিত চ্যাটে জাহ্নবী নাকি বলেছেন, ‘দক্ষিণের ছবির এটাই ধারাবাহিকতা। তবে রাম স্যার ভালো মনের মানুষ।’



আরো একটি ভাইরাল দাবিতে বলা হয়েছে, ভবিষ্যতে দক্ষিণী সিনেমায় কাজ করার বিষয়ে নতুন করে ভাবছেন জাহ্নবী।

একই সঙ্গে তিনি নাকি আক্ষেপ করে বলেছেন, শুটিং সেটে তার মা শ্রীদেবী উপস্থিত থাকলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। 

এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি নাকি বলেন, ‘সেটে যদি মা থাকে তাহলে অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। সেই জন্যই শ্রীলীলার মা সবসময় ওর সঙ্গে থাকেন।’

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই কথিত চ্যাটের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। এ ছাড়া জাহ্নবী কাপুর বা তার টিমের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এসএন 

মন্তব্য করুন