শ্বশুরবাড়ির গল্প শোনালেন অভিনেত্রী শবনম বুবলী
ছবি: সংগৃহীত
০৩:৩৫ এএম | ০৮ জুন, ২০২৬
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীকে ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই। বিশেষ করে সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। তবে এবার নিজের সংসার, শ্বশুরবাড়ি এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন এই চিত্রনায়িকা।
২০২৫ সালের নভেম্বর মাসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে নববধূর সাজে হাজির হন বুবলী। সেখানেই তিনি নিজের বিয়ে ও পারিবারিক জীবনের নানা অজানা গল্প তুলে ধরেন।
শ্বশুরবাড়ির পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বুবলী জানান, রান্না করতে তিনি ভীষণ পছন্দ করেন। তবে রান্নাঘরে গেলেই শাশুড়ি তাকে কাজ করতে দিতে চান না।
বুবলীর ভাষায়, ‘রান্নাঘরে গেলেই মা বলেন, থাক, যত দিন আমি আছি আমিই দেখি। তিনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন।’ শাশুড়ির কাছ থেকে এমন ভালোবাসা পাওয়াকে নিজের সৌভাগ্য বলেও মনে করেন এই অভিনেত্রী।

বিয়ে প্রসঙ্গে বুবলী বলেন, তারকা হওয়ার কারণে তাদের ব্যক্তিগত বিষয়গুলো সবসময়ই গোপনীয়তার মধ্যে রাখতে হয়েছে। তাই বিয়ের আয়োজনও ছিল একেবারে ঘরোয়া এবং সীমিত পরিসরের।
তার ভাষ্য, সবকিছুই হয়েছে তাদের পছন্দমতো। বিয়ের সাজও ছিল সাদামাটা ও রুচিশীল। সেই সাজ দেখে প্রশংসা করেছিলেন শাকিব খানও। বিয়ের খাবারের প্রসঙ্গ টেনে বুবলী জানান, তাদের পছন্দের মাছ ও সবজির পদ রাখা হয়েছিল মেন্যুতে। পাশাপাশি ছিল বিয়েবাড়ির ঐতিহ্যবাহী নানা আয়োজনও।
এর আগে ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটানোর কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বুবলী। সেসব ছবি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা হয়েছিল।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা থাকলেও বর্তমানে পরিবার, সন্তান এবং কাজ-সবকিছুই সমানভাবে সামলাচ্ছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এমআর/টিএ