আয়ুষ্মান নয়, ‘আন্ধাধুন’ ছবির জন্য ১ম পছন্দ ছিলেন বরুণ!
ছবি: সংগৃহীত
০২:১০ পিএম | ০৮ জুন, ২০২৬
হিন্দি সিনেমা জগতের অন্যতম সেরা সাইকোলজিক্যাল থ্রিলার ‘আন্ধাধুন’ (২০১৮)। শ্রীরাম রাঘবন পরিচালিত এবং জাতীয় পুরস্কারজয়ী এই ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন আয়ুষ্মান খুরানা ও টাবু।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বরুণ ধাওয়ান জানিয়েছেন, এই ছবির জন্য আয়ুষ্মান বা টাবু নন, বরং প্রথম পছন্দ ছিলেন তিনি নিজে এবং কঙ্গনা রানাউত।
ইউটিউবে কমেডিয়ান তন্ময় ভাটের একটি অনুষ্ঠানে এসে বরুণ ধাওয়ান নিজের ক্যারিয়ারের এই বড় তথ্যটি শেয়ার করেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, এমন কোনো সফল ছবি আছে কি না যা হাতছাড়া করার জন্য তিনি আফসোস করেন? উত্তরে বরুণ জানান, বক্স অফিসের হিসাব বাদ দিলেও ‘আন্ধাধুন’ ছবিটি না করতে পারার জন্য তার মনে বড় অনুশোচনা রয়েছে। তিনি বলেন, আমি তখন অন্য একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম, তাই এটি করতে পারিনি।

আসলে ছবিটির জন্য প্রথম পছন্দ ছিলাম আমি এবং কঙ্গনা ।
আয়ুষ্মানের চরিত্রের জন্য বরুণ প্রথম পছন্দ ছিলেন- এই তথ্যটি বলিপাড়ায় আগে থেকেই কিছুটা জানা ছিল। তবে ছবিটির প্রধান নারী চরিত্রের জন্য যে কঙ্গনাকে ভাবা হয়েছিল, তা এই প্রথম প্রকাশ্যে এল। তবে ছবিতে কঙ্গনাকে কোন চরিত্রের জন্য ভাবা হয়েছিল—টাবুর খলনায়িকা চরিত্র ‘সিমি’, নাকি রাধিকা আপ্তের চরিত্র, তা অবশ্য বরুণ পরিষ্কার করেননি।
‘আন্ধাধুন’ সিনেমার গল্পটি আবর্তিত হয়েছিল একজন পিয়ানোবাদককে ঘিরে, যিনি আসলে চোখে দেখতে পেলেও সবার সামনে অন্ধ হওয়ার ভান করতেন। একদিন ঘটনাক্রমে তিনি এক প্রভাবশালী নারীর (টাবু) স্বামীর লাশ গুম করার ঘটনা দেখে ফেলেন। এরপর থেকেই তার জীবন পুরোপুরি ওলটপালট হয়ে যায়। ছবিটির শেষ দৃশ্যটিকে বলিউডের অন্যতম সেরা ‘টুইস্ট’ বা রহস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসকে/টিকে