মাধুরীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুরেশ
ছবি: সংগৃহীত
০৭:৫০ পিএম | ০৮ জুন, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে ঘিরে বহু বছর ধরে একটি গুঞ্জন চলে আসছে। শোনা যায়, ক্যারিয়ারের শুরুর দিকে মাধুরীকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল খ্যাতিমান সংগীতশিল্পী সুরেশ ওয়াডকরকে। তবে তিনি নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এমনকি একটি প্রচলিত দাবি ছিল, মাধুরীকে ‘অতিরিক্ত রোগা’ মনে হওয়ায় বিয়েতে রাজি হননি এই গায়ক।
দীর্ঘদিনের সেই আলোচিত বিতর্ক নিয়েই এবার মুখ খুলেছেন সুরেশ ওয়াডকর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, মাধুরীকে বিয়ের কোনো প্রস্তাবই তার কাছে কখনও আসেনি।
আশির দশকে ‘অবোধ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মাধুরী দীক্ষিত। সে সময় তিনি ছিলেন একেবারেই নতুন মুখ। পরে নব্বইয়ের দশকে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বলিউডের শীর্ষ নায়িকাদের কাতারে জায়গা করে নেন। সেই সময় থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গল্প ও গুঞ্জনও ছড়াতে শুরু করে।
প্রচলিত সেই গল্প অনুযায়ী, মাধুরীর পরিবার একসময় সুরেশ ওয়াডকরের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। কিন্তু বয়সের ব্যবধান এবং ব্যক্তিগত কারণে তিনি রাজি হননি। পরে এ নিয়েই নানা ব্যাখ্যা ও গুজব ছড়িয়ে পড়ে।

তবে সুরেশ ওয়াডকর দাবি করেছেন, পুরো ঘটনাটিই ভিত্তিহীন। তার ভাষ্য, যে সময়ের কথা বলা হয়, তখন তার জীবনে বর্তমান স্ত্রী পদ্মা ইতোমধ্যেই এসেছিলেন। পদ্মা ছিলেন তার ছাত্রী এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়েও করেন।
গায়কের দাবি, এই গল্পের সূত্রপাত হয়েছিল অভিনেত্রী অর্চনা পূরণ সিংহের একটি মন্তব্য থেকে। কোনো এক অনুষ্ঠানে মজার ছলে বলা একটি ঘটনা থেকেই নাকি বিষয়টি ছড়িয়ে পড়ে এবং পরে তা গুঞ্জনে পরিণত হয়।
এ প্রসঙ্গে হাস্যরস করেই সুরেশ বলেন, মাধুরী তার খুব ভালো বন্ধু এবং তাকে নিয়ে ভুল তথ্য ছড়ালে অভিনেত্রী মোটেও খুশি হবেন না।
অন্যদিকে, মাধুরী দীক্ষিত ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তারা। অভিনয়ের পাশাপাশি পারিবারিক জীবনেও ভারসাম্য বজায় রাখার জন্য বহুবার প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।
এসএ/টিএ