মালয়েশিয়ায় ঐশীর একক কনসার্ট ঘিরে প্রবাসীদের উচ্ছ্বাস
ছবি: সংগৃহীত
০৮:৩০ পিএম | ০৮ জুন, ২০২৬
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘এক্সট্রিম ৫ প্রোডাকশনস এসডিএন বিএইচডি’।
আগামী রোববার (২৮ জুন) কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ‘এইচজিএইচ কনভেনশন সেন্টারে’ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর একক লাইভ কনসার্ট। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানটিকে ঘিরে ইতিমধ্যেই প্রবাসী শ্রোতাদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।
সোমবার (৮ জুন) আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের মোট ছয়টি ক্যাটাগরির টিকিটের মধ্যে ভিভিআইপি (ডায়মন্ড জোন), ভিআইপি (প্ল্যাটিনাম জোন), ভিআইপি (গোল্ড জোন) এবং রক জোনের সব টিকিট ইতিমধ্যেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে।

বর্তমানে সাধারণ দর্শকদের জন্য কেবল সিলভার ও ব্রোঞ্জ জোনের টিকিট সীমিত আকারে অবশিষ্ট রয়েছে। এর মধ্যে সিলভার জোনের সাধারণ মূল্য ১২০ রিঙ্গিত (আর্লি বার্ড ৭২ রিঙ্গিত) এবং ব্রোঞ্জ জোনের টিকিট ৯০ রিঙ্গিত (আর্লি বার্ড ৫৪ রিঙ্গিত)।
প্রবাসীদের আনন্দ আরও বাড়িয়ে দিতে এই আয়োজনে টিকিটের ওপর বিশেষ আকর্ষণীয় ক্যাশ পুরস্কারের ঘোষণাও করেছে আয়োজক কর্তৃপক্ষ।
কনসার্টের টিকিট কেটে র্যাফেল ড্র-এর মাধ্যমে প্রথম পুরস্কার হিসেবে ২ হাজার রিঙ্গিত, দ্বিতীয় পুরস্কার ১৫০০ রিঙ্গিত এবং তৃতীয় পুরস্কার হিসেবে ১ হাজার রিঙ্গিত জেতার সুবর্ণ সুযোগ থাকছে।
অনুষ্ঠানটির টিকিট সরাসরি সংগ্রহের জন্য কুয়ালালামপুরের বুকিত বিনতাং-এ অবস্থিত ‘পিঠা ঘর রেস্টুরেন্ট’-কে টিকিট পার্টনার করা হয়েছে, যেখানে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
এসএ/টিএ