আসছে 'হেডলাইন' গোপন সত্যের অনুসন্ধানে অপূর্ব-ইয়াশ!
ছবি: সংগৃহীত
০৪:২৪ এএম | ০৯ জুন, ২০২৬
ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে আগামী ২৫ জুন মুক্তি পাচ্ছে নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। সালেহ সোবহান অনীম পরিচালিত এই রহস্যঘেরা সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান।
সম্প্রতি প্রকাশিত প্রথম পোস্টারে কালো টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব ও ইয়াশকে রহস্যময় আবহে দেখা গেছে। পুরোনো সংবাদপত্রের স্তূপ ভেদ করে বেরিয়ে আসা দুই চরিত্রের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে বহুদিনের চাপা পড়ে থাকা কোনো আলোচিত ঘটনার অনুসন্ধানের দিকে। সাংবাদিকতাকেন্দ্রিক গল্পের আভাসও মিলেছে পোস্টারজুড়ে ছড়িয়ে থাকা সংবাদপত্রে।

সিরিজটিতে আরও অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল ও রায় রাজন্যাসহ অনেকে। নির্মাতা অনীম জানান, ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আবরণে নির্মিত একটি পারিবারিক নাটক, যেখানে দর্শক পাবেন পরিচিত আবেগ ও স্বস্তির গল্প।
হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, চিন্তার খোরাক জোগাবে এমন গল্পই তারা দর্শকদের সামনে আনতে চান। রহস্য, অনুসন্ধান ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত ‘হেডলাইন’ ইতোমধ্যেই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
একেএস/ টিএ