© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেটফ্লিক্সে আসছে ছেলেবেলার সেই ‘স্কুবি-ডু’

শেয়ার করুন:
নেটফ্লিক্সে আসছে ছেলেবেলার সেই ‘স্কুবি-ডু’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৫ পিএম | ০৯ জুন, ২০২৬
কার্টুনপ্রেমীদের পছন্দের গোয়েন্দা কুকুর ‘স্কুবি-ডু’ ও তার রহস্য সন্ধানী দল এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ওটিটি জায়ান্টটি তাদের আসন্ন লাইভ-অ্যাকশন সিরিজ ‘স্কুবি-ডু: অরিজিনস’-এর একটি প্রাথমিক ঝলক বা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে।

এতে দেখা যায়, একটি গ্রীষ্মকালীন ক্যাম্পের জঙ্গলে দৌড়ানোর সময় শ্যাগির সাথে প্রথম দেখা হয় স্কুবি-ডুর।

জনপ্রিয় এই কার্টুনটির আধুনিক ও বাস্তবসম্মত রূপান্তর নিয়ে তৈরি সিরিজটির শুটিং বর্তমানে আমেরিকার আটলান্টায় চলছে এবং এটি ২০২৭ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিরিজের মূল গোয়েন্দা দল ‘মিস্ট্রি ইনক’-এর চিরচেনা চরিত্রগুলোতে দেখা যাবে একঝাঁক তরুণ তারকাকে। এ ছাড়া জনপ্রিয় অভিনেতা পল ওয়াল্টার হাউজার এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন।



সিরিজের গল্পটি মূলত এই দলের একদম শুরুর দিকের কাহিনি নিয়ে। নির্মাতাদের দেওয়া আভাস অনুযায়ী, ক্যাম্পে তাদের শেষ গ্রীষ্মের ছুটিতে পুরনো দুই বন্ধু শ্যাগি ও ড্যাফনি একটি রহস্যের মুখে পড়ে। ঘটনাটি আবর্তিত হয় একটি হারিয়ে যাওয়া গ্রেট ডেন জাতের কুকুরছানাকে (স্কুবি-ডু) ঘিরে, যে সম্ভবত একটি অতিপ্রাকৃত হত্যাকাণ্ডের সাক্ষী ছিল। পরবর্তীতে ভেলমা ও দলের নতুন ছেলে ফ্রেডিকে সাথে নিয়ে তারা এই রহস্যের সমাধানে নামে।

তবে এই তদন্ত তাদের এমন এক দুঃস্বপ্নের দিকে টেনে নিয়ে যায়, যা তাদের নিজেদের সব গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।

সিরিজটির লেখক ও প্রধান পরিচালক হিসেবে কাজ করছেন জশ অ্যাপেলবাম ও স্কট রোজেনবার্গ। আর এর প্রথম পর্বটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক টবি হেইন্স। ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের ব্যানারে সিরিজটি যৌথভাবে প্রযোজনা করছে বার্লান্টি প্রোডাকশনস ও মিডনাইট রেডিও।

সূত্র : ভ্যারাইটি

এসএন 

মন্তব্য করুন