দীর্ঘ জল্পনার পর বদলে গেল সানি দেওলের ছবির নাম
ছবি: সংগৃহীত
০৭:০১ পিএম | ০৯ জুন, ২০২৬
বলিউড অভিনেতা সানি দেওলের বহুল আলোচিত নতুন ছবির নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়েছে। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন নাম ঘোষণা করেন অভিনেতা।
আগে ‘লাহোর ১৯৪৭’ নামে পরিচিত ছবিটি এখন মুক্তি পাবে ‘বাটওয়ারা ১৯৪৭’ শিরোনামে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি মোশন পোস্টার প্রকাশ করে সানি দেওল নতুন নামের ঘোষণা দেন। পোস্টারের সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঘৃণা ও ভয়ের সময়ে তিনি সাহসকে বেছে নিয়েছিলেন। ২০২৬ সালের ১৪ অগস্ট থেকে প্রেক্ষাগৃহে দেখুন ‘বাটওয়ারা ১৯৪৭’।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবির নাম পরিবর্তনের পেছনে ছিল বিশেষ কারণ। প্রযোজক আমির খান নাকি ‘লাহোর ১৯৪৭’ নামটি রাখতে আগ্রহী ছিলেন না। অন্যদিকে ‘বাটওয়ারা’ শিরোনামের স্বত্ব ছিল প্রয়াত প্রযোজক সেলিম আখতারের কাছে। পরে আমির খান তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে শিরোনাম ব্যবহারের অনুমতি নেন। এরপরই ছবির নতুন নাম চূড়ান্ত করা হয়।
এর আগে সানি দেওল দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’-এ অভিনয় করে আলোচনায় ছিলেন। ১৯৯৭ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘বর্ডার’-এর সিক্যুয়াল হিসেবে নির্মিত সেই ছবি মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে। এদিকে ‘বাটওয়ারা ১৯৪৭’-এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন প্রীতি জিনতা।
পরিচালক রাজকুমার সন্তোষীর এই ছবিতে সানি দেওলের পাশাপাশি আরো অভিনয় করেছেন শাবানা আজমি, আলি ফজল এবং সানির ছেলে করণ দেওল। ছবিটির প্রযোজক আমির খান।
এসএ/টিএ