অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা?
ছবি: সংগৃহীত
০১:৩৫ পিএম | ১০ জুন, ২০২৬
দীর্ঘদিন ধরেই বড়পর্দায় দেখা যাচ্ছে না বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর তিনি হাতে গোনা কয়েকটি কাজ করেছেন।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’-এর পর নতুন কোনো সিনেমা বা সিরিজে তাঁর নাম শোনা যায়নি। ফলে ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তিনি কি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিয়েছেন, নাকি স্থায়ীভাবেই দূরে সরে যাচ্ছেন?
বর্তমানে আলোচনায় রয়েছে, মাতৃত্বের দায়িত্বেই সবচেয়ে বেশি সময় দিচ্ছেন অভিনেত্রী। পরিবার ও সন্তানকে ঘিরেই এখন তাঁর ব্যস্ততা। মুম্বাইয়ের জুহুর সমুদ্রতীরবর্তী বাসভবনে স্বামী ও সন্তানকে নিয়ে সময় কাটাচ্ছেন তিনি।
সম্প্রতি বিদেশ সফরও সেরেছেন এই তারকা দম্পতি।
তবে বলিপাড়ার একাধিক সূত্রের দাবি, ক্যাটরিনা অভিনয় ছাড়ছেন না। বরং ধীরে ধীরে নতুন কাজের পরিকল্পনা শুরু করেছেন। জানা গেছে, মাতৃত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি কয়েকটি চিত্রনাট্য পড়ছেন এবং নিজের পরবর্তী প্রজেক্ট বেছে নেওয়ার বিষয়ে খুবই সতর্ক।
খবর অনুযায়ী, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে শুটিংয়ে ফিরতে পারেন ক্যাটরিনা। তবে প্রত্যাবর্তনের জন্য তিনি কোনো তাড়াহুড়ো করতে চান না। এমন একটি গল্প ও চরিত্র খুঁজছেন, যা তাঁর কামব্যাককে স্মরণীয় করে তুলতে পারে।
সূত্রের আরো দাবি, তাঁর কাছে যে চিত্রনাট্যগুলো পৌঁছেছে, সেগুলো তিনি খুব মনোযোগ দিয়ে যাচাই করছেন। এমন একটি কাজেই তিনি রাজি হতে চান, যার মাধ্যমে দর্শকদের সামনে নতুনভাবে নিজেকে তুলে ধরা সম্ভব হবে।

এছাড়া শোনা যাচ্ছে, বড় পর্দার তুলনায় ওটিটি প্ল্যাটফর্মের প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন অভিনেত্রী। বর্তমান সময়ে অনেক তারকাই ওটিটির মাধ্যমে সফল প্রত্যাবর্তন করছেন, তাই ক্যাটরিনাও সেই পথেই হাঁটতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে।
অন্যদিকে ব্যক্তিগত জীবন সবসময়ই আড়ালে রাখতে পছন্দ করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গত বছরের নভেম্বর মাসে তাঁরা মা-বাবা হিসেবে নতুন অধ্যায় শুরু করেন। এরপর থেকেই সন্তানকে ঘিরেই তাঁদের অধিকাংশ সময় কাটছে।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ছবিশিকারীদের সঙ্গে ছেলে ভিহানের পরিচয় করিয়ে দিয়ে তাঁর ছবি না তোলার অনুরোধও করেছিলেন এই তারকা দম্পতি। পরে বিদেশ সফরের কিছু মুহূর্তও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন ক্যাটরিনা।
সব মিলিয়ে, আপাতত মাতৃত্বই তাঁর প্রধান অগ্রাধিকার হলেও, উপযুক্ত গল্প ও চরিত্র পেলে আগামী দিনে ক্যামেরার সামনে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এসএন