© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রহস্য আর অ্যাকশনে ‘আলফা’র টিজারে বাজিমাত আলিয়ার

শেয়ার করুন:
রহস্য আর অ্যাকশনে ‘আলফা’র টিজারে বাজিমাত আলিয়ার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৬ পিএম | ১০ জুন, ২০২৬
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন ‘আলফা’র টিজার প্রকাশ পেয়েছে। টিজারে প্রথমবারের মতো এক দুর্ধর্ষ নারী ঘাতকের চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে।

অ্যাকশন, রহস্য ও আবেগের মিশেলে তৈরি এই ঝলক ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। শিব রাওয়াইল পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত এই সিনেমায় আলিয়া এমন এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন, যাকে ছোটবেলা থেকেই একজন দক্ষ ঘাতক হিসেবে গড়ে তোলা হয়। 

টিজারে দেখা যায়, তার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। মেয়ের ১৮তম জন্মদিনেই তিনি তাকে প্রথম হত্যার দায়িত্ব দেন, আর সেখান থেকেই শুরু হয় তার বিপজ্জনক যাত্রা।


টিজারে আরও উঠে এসেছে ‘আলফা’ নামের একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচির কথা, যেখানে ভবিষ্যৎ ভারতীয় যোদ্ধাদের তৈরি করা হয়। বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে আলিয়ার উপস্থিতি দর্শকদের দৃষ্টি কেড়েছে।




‘আলফা’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুরও। সিনেমার আরেক প্রধান চরিত্রে রয়েছেন শর্বরী ওয়াঘ। তবে তাঁর চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত জানানো হয়নি। নির্মাতারা জানিয়েছেন, খুব শিগগিরই সেই চরিত্রের পরিচয়ও প্রকাশ করা হবে। সিনেমাটি সম্পর্কে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আলফা একটি খাঁটি পপকর্ন এন্টারটেইনার, যা সিনেমার পর্দায় নারীদের নেতৃত্বে নির্মিত এক অভূতপূর্ব অ্যাকশন ফিল্মের মাধ্যমে দুই মেয়ের আলফা মনোভাবের উদযাপন হিসেবে তৈরি করা হয়েছে।’

প্রথমে সিনেমাটি ২০২৫ সালের বড়দিনে মুক্তির পরিকল্পনা ছিল। পরে ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় মুক্তির তারিখ পরিবর্তন করে ১৭ এপ্রিল ২০২৬ নির্ধারণ করা হয়।


শেষ পর্যন্ত এটি আগামী ৩ জুলাই ২০২৬ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যাত্রা শুরু হয় ২০১২ সালে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘টাইগার ৩’, ‘ওয়ার’, ‘পাঠান’ এবং সর্বশেষ ‘ওয়ার ২’-এর মাধ্যমে এই ইউনিভার্স আরও বিস্তৃত হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আলিয়া ভাটের ‘আলফা’, যেখানে নারী-কেন্দ্রিক অ্যাকশন গল্পই মূল আকর্ষণ।


এসএ/এসএন
 

মন্তব্য করুন