© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ সাদী খানের সুরে অনন্যার গান

শেয়ার করুন:
শেখ সাদী খানের সুরে অনন্যার গান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৯ পিএম | ১০ জুন, ২০২৬
সরাসরি অনুষ্ঠানে নিয়মিতই গান করেন অনন্যা আচার্য্য। তবে তার মূল মনোযোগ মৌলিক গানে। তাই সুন্দর কথা-সুরের গানে ডাক পেলেই সুরেলা কণ্ঠ নিয়ে হাজির হয়ে যান এই তরুণী। আর সে গান যদি সুর করেন কিংবদন্তি সংগীতকার শেখ সাদী খান, তাহলে তো কথাই নেই!

হ্যাঁ, নন্দিত সুরকার-সংগীত পরিচালক শেখ সাদী খানের সুরে গেয়েছেন অনন্যা। গানের শিরোনাম ‘তোমার কথা ভাবলেই’। লিখেছেন নুরুল ইসলাম মানিক। সম্প্রতি বাংলাদেশ বেতারের কমার্শিয়াল সার্ভিসে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

অনন্যা দেশের একটি গণমাধ্যমকে জানালেন, এ নিয়ে দ্বিতীয়বার শেখ সাদী খানের সুরে গাইলেন তিনি। গুণী এ সংগীতকারের সঙ্গে গান করার অভিজ্ঞতা জানালেন এভাবে, ‘স্যারকে আমার ভীষণ ভয় লাগে। উনি যখন কাজে থাকেন, খুব সিরিয়াস থাকেন। যখনই স্যারের সামনে যাই, আমার হাত-পা ঠাণ্ডা হয়ে যায়। বেতারে যাওয়ার পরই তিনি আমাকে নিয়ে বসলেন। সুরের খুঁটিনাটি বুঝিয়ে দিলেন। কোথায় কিভাবে গাইতে হবে, পরামর্শ দিলেন। ফলে গানটি গাইতে আমার তেমন অসুবিধা হয়নি।’

কিন্তু শেখ সাদী খানের সঙ্গে অনন্যার তো কয়েক প্রজন্মের ব্যবধান। তাই ভয়টাও ছিল বেশ। অনন্যা বলেন, ‘যখনই স্যারের সামনে গাই, ভীষণ ভয় লাগে। সে ভয় কাটিয়ে যতটা সম্ভব, ততটুকুই গেয়েছি। স্যারের চেহারা দেখে মনে হয়েছে, তিনি খুশি হয়েছেন।’

রেকর্ডিংয়ের ফাঁকে গুণী শিল্পীর কাছ থেকে পরামর্শও পেয়েছেন অনন্যা। সেটা কেমন? ‘স্যার আমাকে বলেছেন, যেন মৌলিক গান বেশি করি। মৌলিক গানই তো শিল্পীর মূল চাহিদা হওয়া উচিৎ, কারণ এর মধ্য দিয়েই শিল্পীকে চেনে মানুষ। সেই সঙ্গে প্রতিদিন রেয়াজ করার উপদেশ দিয়েছেন। রেয়াজের একটা কৌশলও শিখিয়ে দিয়েছেন। চেষ্টা করব সেটা মেনে চলতে’ —বললেন অনন্যা।

গায়িকা জানালেন, শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে সম্প্রচার হবে। এদিকে আগামীকাল অন্তর্জালে প্রকাশিত হবে অনন্যার কণ্ঠে নতুন আরেকটি গান ‘বন্ধু রে’। এটি তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন এইচপি সোহাগ।


এসএ/টিএ

মন্তব্য করুন