আলিয়ার 'আলফা' অবতারে মুগ্ধ শাহরুখ
ছবি: সংগৃহীত
০৯:২২ পিএম | ১০ জুন, ২০২৬
বলিউডে দীর্ঘদিন ধরেই অ্যাকশনধর্মী সিনেমার কেন্দ্রবিন্দুতে থেকেছেন পুরুষ তারকারা। গোয়েন্দা, যোদ্ধা কিংবা দুর্ধর্ষ অভিযাত্রীর চরিত্রে দর্শকও অভ্যস্ত পুরুষ অভিনেতাদের দেখতেই। তবে সেই চেনা ধারায় নতুন মাত্রা যোগ করতে আসছেন আলিয়া ভাট। যশরাজ ফিল্মসের বহুল আলোচিত ‘আলফা’ সিনেমার প্রথম ঝলক প্রকাশের পর থেকেই আলোচনা এখন তাকে ঘিরে।
টিজারে আলিয়াকে দেখা গেছে একেবারেই ভিন্ন রূপে। মারপিট, ধাওয়া, বিপজ্জনক অভিযান—সব মিলিয়ে একজন দুর্ধর্ষ নারী গোয়েন্দার চরিত্রে হাজির হয়েছেন তিনি। আর সেই রূপ দেখেই মুগ্ধ হয়েছেন বলিউডের শীর্ষ তারকারাও।
সবচেয়ে বেশি আলোচনায় এসেছে শাহরুখ খানের প্রতিক্রিয়া। ‘আলফা’র ঝলক দেখে তিনি আলিয়াকে উদ্দেশ করে বলেন, একসময় তিনি দর্শকদের মন ভেঙেছেন, আর এখন হাড় ভাঙছেন। অভিনেত্রী হিসেবে আলিয়ার দক্ষতা দিন দিন আরও সমৃদ্ধ হচ্ছে বলেও মন্তব্য করেন এই তারকা।
শুধু আলিয়া নন, সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা ববি দেওলের প্রশংসাও করেছেন শাহরুখ। টিজারে স্বল্প সময়ের উপস্থিতিতেই নজর কাড়েন তিনি। তাকে উদ্দেশ করে শাহরুখ বলেন, খলনায়কের চরিত্রে ববিকে দারুণ মানিয়েছে। একই সঙ্গে পুরো ‘আলফা’ দলের জন্য শুভকামনাও জানান তিনি।

‘আলফা’ সিনেমাটি যশরাজের জনপ্রিয় গোয়েন্দা জগতের নতুন সংযোজন। এর আগে এই ধারায় একের পর এক সফল সিনেমায় দেখা গেছে জনপ্রিয় পুরুষ তারকাদের। তবে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে একজন নারী গোয়েন্দাকে নিয়ে এগোচ্ছে গল্প। অনেকের মতে, এ কারণেই সিনেমাটি নিয়ে আগ্রহ অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি।
আলিয়ার এই রূপ অবশ্য হঠাৎ তৈরি হয়নি। জানা গেছে, চরিত্রটির জন্য দীর্ঘদিন বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। লড়াইয়ের কৌশল থেকে শুরু করে শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্যও আলাদা প্রস্তুতি নিতে হয়েছে তাকে। সেই পরিশ্রমের ছাপ স্পষ্ট টিজারের প্রতিটি দৃশ্যে।
এদিকে টিজার প্রকাশের পর নতুন আরেকটি জল্পনাও শুরু হয়েছে। যশরাজের গোয়েন্দা জগতের আগের সিনেমাগুলোতে প্রায়ই দেখা গেছে জনপ্রিয় চরিত্রদের বিশেষ উপস্থিতি। ফলে ‘আলফা’তেও শাহরুখ খানের ‘পাঠান’ কিংবা সালমান খানের ‘টাইগার’ চরিত্র দেখা যেতে পারে বলে ধারণা করছেন ভক্তরা। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
তবে একটি বিষয় স্পষ্ট, টিজার প্রকাশের পর আলিয়ার অ্যাকশন অবতার দর্শকদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে শাহরুখ, অমিতাভ বচ্চন ও নীতু কাপুরের মতো তারকাদের প্রশংসা সিনেমাটিকে নিয়ে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এখন অপেক্ষা শুধু বড় পর্দায় ‘আলফা’র পূর্ণাঙ্গ অভিযাত্রা দেখার।
এসএ/টিএ