রাহুলকে হারানোর আড়াই মাস, কেমন আছেন প্রিয়াঙ্কা?
ছবি: সংগৃহীত
০৯:৫০ পিএম | ১০ জুন, ২০২৬
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু এখনো সেই মৃত্যুর বিচার মেলেনি। ব্যক্তিগত জীবনের গভীর শোক বুকে নিয়েই আবারও কাজে ফিরেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সম্প্রতি নতুন একটি ওয়েব সিরিজের প্রচারে এসে জানিয়েছেন, কঠিন সময়ে নিজেকে ভালো রাখার চেষ্টা কীভাবে করছেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। অন্য কারও ওপর সেই দায়িত্ব চাপিয়ে দেয়া যায় না। প্রত্যাশাও কম রাখতে হয়। এটাই আমার প্রথম উপলব্ধি। তিনি জানান, কাজের ব্যস্ততা এবং মানুষের ভালোবাসাই তাকে এগিয়ে যেতে শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, কাজের মধ্যে আছি, মানুষের সঙ্গে সময় কাটাতে পারছি। সবাই আমাকে ব্যস্ত রাখছে, উৎসাহ দিচ্ছে। পর্দার ওপারে থাকা যারা আমাকে ভালোবাসেন, তাদের কাছ থেকেও অনেক শক্তি পাই।
রাহুল ও প্রিয়াঙ্কার প্রেমের শুরু ২০০৮ সালে একটি সিনেমার শুটিং সেটে। আর ২০১০ সালে বিয়ে করেন তারা। পরিবারের আপত্তি উপেক্ষা করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা। দাম্পত্য জীবনে পরে নানা টানাপোড়েন দেখা দেয়। মতবিরোধের কারণে ২০১৭ সালে আলাদা হয়ে যান দুজন। বিচ্ছেদের দিকেও এগিয়েছিলেন। তবে ছেলে সহজের কথা ভেবে আবার কাছাকাছি আসেন। ২০২৩ সাল থেকে নতুন করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন তারা।

কিন্তু সেই নতুন শুরুর গল্প বেশিদিন স্থায়ী হয়নি। চলতি বছরের ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হন রাহুল। সমুদ্রে তলিয়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পর প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও প্রশাসনের প্রাথমিক তদন্তে শুটিংয়ের জন্য প্রয়োজনীয় অনুমতি এবং নিরাপত্তাব্যবস্থার ঘাটতির তথ্য সামনে এসেছে। রাহুলের মৃত্যুর ঘটনায় তদন্ত চললেও এখনো বিচার প্রক্রিয়া শেষ হয়নি।
এমন পরিস্থিতিতেও নিজেকে ভেঙে পড়তে না দিয়ে কাজের মধ্যেই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন প্রিয়াঙ্কা। তার কথায়, নিজের মানসিক সুস্থতার দায়িত্ব শেষ পর্যন্ত নিজেকেই নিতে হয়।
ছবি: হিন্দুস্তান টাইমস
এসএ/টিএ