আজ রাতেই আসছে অ্যাশেজের ‘খোয়াবে’
ছবি: সংগৃহীত
০৮:০৭ পিএম | ১১ জুন, ২০২৬
তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাশেজ’। আজ বৃহস্পতিবার রাতে ব্যান্ডটির নতুন গান ‘খোয়াবে’ মুক্তি পেতে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে নতুন গানের এই খবরটি নিশ্চিত করেছে ব্যান্ড কর্তৃপক্ষ, যা নিয়ে সামাজিক মাধ্যমে শ্রোতা ও ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।
ভক্তদের মন্তব্য ও প্রতিক্রিয়া থেকে জানা গেছে, প্রিয় ব্যান্ডের নতুন গান নিয়ে উন্মাদনায় ভাসছেন তারা। অনেকেই গানটির লিরিক্সের অংশবিশেষ যেমন—‘খোয়াবে দেখেছি ভালো নেই, অভিযোগ রেখেছি কেউ নেই, কেউ নেই বিষণ্ন নগরে...’ মন্তব্য ঘরে শেয়ার করে নিজেদের ভালোলাগা ও প্রত্যাশার কথা জানাচ্ছেন।
ব্যান্ডের প্রধান ভোকাল জুনায়েদ ইভানের এই নতুন সৃষ্টি শোনার জন্য অধীর অপেক্ষার কথা জানিয়েছেন অসংখ্য অ্যাশেজ ভক্ত। এর আগে গানটির একটি ট্রেলার তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল, যা শ্রোতাদের কৌতূহল ও আগ্রহ বহুগুণ বাড়িয়ে দেয়।
‘খোয়াবে’ গানটি মূলত অ্যাশেজের নতুন অ্যালবাম ‘বিভ্রম’-এর অংশ। কিছুদিন পর পরই এই অ্যালবামের গানগুলো একে একে প্রকাশ করেছে ব্যান্ডটি। ইতোমধ্যে এই অ্যালবামের চারটি গান শ্রোতাদের মাঝে উন্মোচন করা হয়েছে এবং পঞ্চম গান হিসেবে আজ রাতে প্রকাশ পাচ্ছে ‘খোয়াবে’।
মোট ৯টি গান নিয়ে সাজানো এই ‘বিভ্রম’ অ্যালবামের অন্য ট্র্যাকগুলো হলো, ‘কে জানে’, ‘আবেগের বাড়াবাড়ি’, ‘ছায়া’, ‘ফেরিওয়ালা’, ‘দায়’, ‘অবচেতন মনে’, ‘এলোমেলো’ এবং ‘অন্যমনস্ক’। নিজস্ব সুরের ভিন্নতা, আবেগ আর মাদকতায় ঘেরা নতুন এই গানটিও বরাবরের মতো শ্রোতাহৃদয় জয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এসএ/টিএ