ছেলের বয়স সাত মাস হতেই, অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা?
ছবি: সংগৃহীত
০৯:০৬ পিএম | ১১ জুন, ২০২৬
মা হওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে থাকা এই তারকাকে নিয়ে ভক্তদের আগ্রহেরও শেষ নেই। সম্প্রতি নতুন করে গুঞ্জন ছড়ায়, মাতৃত্বের দায়িত্ব সামলে খুব শিগগিরই অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। আর সেই খবরেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তার অনুরাগীরা।
শেষবার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’-এ দেখা গিয়েছিল ক্যাটরিনাকে। এরপর থেকে নতুন কোনো সিনেমা বা ধারাবাহিকে তার উপস্থিতি দেখা যায়নি। গর্ভধারণের সময় থেকেই অভিনয়জগৎ থেকে নিজেকে অনেকটাই আড়ালে নিয়ে যান তিনি। বর্তমানে স্বামী ভিকি কৌশল ও সন্তানকে ঘিরেই তার ব্যস্ততা।
বলিউডের অন্দরমহলে সম্প্রতি শোনা যাচ্ছিল, মাতৃত্বের পাশাপাশি কয়েকটি নতুন চিত্রনাট্য পড়ছেন ক্যাটরিনা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর শুটিংয়ে ফেরার পরিকল্পনাও নাকি করছেন তিনি। এমন খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন প্রত্যাশা। অনেকেই মনে করতে শুরু করেন, দীর্ঘ বিরতির পর হয়তো বড় কোনো প্রকল্প দিয়েই ফিরবেন অভিনেত্রী।
তবে সেই জল্পনায় পানি ঢেলেছে ক্যাটরিনার নিজস্ব টিম। অভিনেত্রীর মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অভিনয়ে ফেরার বিষয়ে বর্তমানে যে খবর প্রচার হচ্ছে, তার কোনো সত্যতা নেই। এসব তথ্যকে ভিত্তিহীন এবং কল্পনানির্ভর বলেও উল্লেখ করা হয়েছে।

মুখপাত্রের দাবি, যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা ভক্তদের মধ্যে অযথা প্রত্যাশা তৈরি করছে। আপাতত ক্যাটরিনার নতুন কোনো অভিনয় পরিকল্পনা বা প্রকল্প নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা নেই বলেও জানানো হয়েছে।
এদিকে গত বছর মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। সন্তান জন্মের পর থেকেই দুজনেই ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখার চেষ্টা করছেন। সম্প্রতি বিমানবন্দরে সন্তানকে নিয়ে দেখা গেলেও ছবি না তোলার অনুরোধ করেছিলেন তারা। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টিকে বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন এই তারকা দম্পতি।
বহু তারকা সন্তান জন্মের কিছুদিন পরই কাজে ফিরলেও ক্যাটরিনা আপাতত পরিবারকেই বেশি সময় দিচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে। ফলে বড় পর্দায় তার প্রত্যাবর্তনের অপেক্ষা আরও কিছুদিন দীর্ঘ হতে পারে।
তবে একটি বিষয় স্পষ্ট, ক্যাটরিনা কাইফ এখনও ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন। নতুন কোনো সিনেমার ঘোষণা না থাকলেও তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা থামছে না। আর সেই কারণেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামান্য গুঞ্জনও মুহূর্তেই শোবিজ অঙ্গনে বড় খবর হয়ে উঠছে।
এসএ/টিএ