ফুটবল দলের জার্সি গায়ে নামাজ পড়া যাবে?
ছবি: সংগৃহীত
০৩:১০ এএম | ২১ জুন, ২০২৬
আমার নাম শেখ সাব্বির হাসান। আমি দোহারের বাসিন্দা। বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে। বিভিন্ন দলের সমর্থকরা প্রিয় দলের জার্সি গায়ে দিয়ে মসজিদে আসে ও নামাজ পড়ে। আমার প্রশ্ন হলো, ফুটবল দলের জার্সি গায়ে নামাজ পড়লে নামাজ হবে?
প্রাজ্ঞ আলেমরা বলেন, জার্সি টি-শার্ক বা হাফ হাতার গেঞ্জির অন্তর্ভুক্ত। এমন পোশাক গায়ে কোনো পুরুষ নামাজ পড়লে নামাজ হয়ে যায়, তবে তা অনুত্তম। জার্সিতে সাধারণত প্রত্যেক দলের একটি লোগো বা সিল থাকে। লোগোতে যদি কোনো প্রাণীর ছবি বা মুখাবয়ব থাকে এবং তা খোলা ও দৃশ্যমান থাকে, তবে এমন জার্সি গায়ে নামাজ আদায় করা মাকরুহ হবে। যেমন স্কটল্যান্ডের জার্সিতে সিংহের ছবি আছে।
মনে রাখতে হবে, আল্লাহ নামাজে শুধু সতর ঢাকতে বলেননি, বরং এমন পোশাক পরিধান করতে বলেছেন যা পোশাক হিসেবে পূর্ণাঙ্গ ও সৌন্দর্যের ধারক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মানব সন্তান! তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও।’ (সুরা আরাফ, আয়াত : ৩১)
আর সমাজের বেশির ভাগ মানুষ হাফ হাতা গেঞ্জি, টি-শার্ট ও জার্সিকে পূর্ণাঙ্গ পোশাক মনে করে না। এজন্য ফকিহ আলেমরা এসব পোশাক পরিধান করে নামাজ আদায় করাকে মাকরুহ বলেছেন। এছাড়াও নামাজি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করে। তাই নামাজের সময় এমন কোনো পোশাক পরিধান করা উচিত নয় আল্লাহর শান ও শিষ্টাচারের পরিপন্থী। (আল বাহরুর রায়িক : ২/২৭; আল মাবসুতুস সারাখসি : ১/২১১) রদ্দুল মুহতার : ১/৪৫৭)
আল্লাহ সর্ব বিষয়ে সবচেয়ে ভালো জানেন।
টিজে/টিএ