পেটের চর্বি কমাতে কী করবেন? জানালেন প্লাস্টিক সার্জন ডা. শারমিন আক্তার সুমি
ছবি: সংগৃহীত
০২:৪৯ পিএম | ২৮ জুন, ২০২৬
পেটের অতিরিক্ত চর্বি শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির কারণও হতে পারে। খাদ্যাভ্যাস, জীবনযাপন ও প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শের মাধ্যমে কীভাবে পেটের চর্বি নিয়ন্ত্রণে রাখা যায় এবং এ বিষয়ে কার্যকর উপায়গুলো নিয়ে কথা বলেছেন অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শারমিন আক্তার সুমি (এমবিবিএস, এফসিপিএস (সার্জারি), এমএস (প্লাস্টিক সার্জারি)। সাক্ষাৎকার নিয়েছেন শাহাবুদ্দিন শুভ, সঞ্চালক ও সিইও, ডক্টরস এন মেডিসিন।
প্রশ্ন: পেটের অতিরিক্ত চর্বি কমানোর সবচেয়ে কার্যকর উপায় কী?
উত্তর: এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেই পেটের অতিরিক্ত চর্বি নিয়ে দুশ্চিন্তায় থাকেন।
প্রথমেই বলতে চাই, পেটের চর্বি কমানোর সবচেয়ে ভালো উপায় হলো জীবনযাত্রায় পরিবর্তন আনা। অর্থাৎ নিয়মিত ব্যায়াম (Exercise) করা এবং পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস (Balanced Diet) অনুসরণ করা। আমরা যত ক্যালোরি (Calorie) গ্রহণ করি, অন্তত সেই পরিমাণ ক্যালোরি ব্যয় করতে পারলে শরীরে অতিরিক্ত চর্বি জমার সুযোগ কম থাকে।
প্রশ্ন: যদি ইতোমধ্যেই পেটে অনেক চর্বি জমে যায়, তাহলে কী করা উচিত?
উত্তর: অনেকেরই পেটে অতিরিক্ত চর্বি জমে যায়। এ ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত একজন পুষ্টিবিদ (Nutritionist)-এর পরামর্শ অনুযায়ী ডায়েট (Diet) অনুসরণ করা এবং নিয়মিত ব্যায়াম করা। বর্তমানে অনেক মানুষ সঠিক খাদ্যাভ্যাস ও ব্যায়ামের মাধ্যমে সফলভাবে ওজন ও পেটের চর্বি কমাতে সক্ষম হচ্ছেন।
অনেকে দ্রুত ফল পাওয়ার জন্য অপারেশনের কথা ভাবেন। অপারেশনের মাধ্যমে চর্বি কমানো সম্ভব হলেও, সেটি দীর্ঘমেয়াদে ধরে রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম চালিয়ে যেতে হবে। অন্যথায় আবারও চর্বি জমতে পারে।
প্রশ্ন: লাইপোসাকশন (Liposuction) কী? এটি কখন প্রয়োজন হয়?
উত্তর: যদি নিয়মিত ব্যায়াম ও ডায়েট অনুসরণ করার পরও পেটের নির্দিষ্ট অংশে অতিরিক্ত চর্বি থেকে যায়, তাহলে লাইপোসাকশন (Liposuction) একটি কার্যকর চিকিৎসা হতে পারে।
এটি খুব জটিল কোনো অপারেশন নয়। রোগীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে তিনি অপারেশনের জন্য উপযুক্ত হলে অনেক ক্ষেত্রেই একই দিনে লাইপোসাকশন করে তাকে বাড়ি পাঠানো সম্ভব হয়।
তবে মনে রাখতে হবে, লাইপোসাকশন কোনো স্থায়ী সমাধান নয়। অপারেশনের পরও নিয়মিত ব্যায়াম এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে, যাতে পুনরায় চর্বি না জমে।
প্রশ্ন: অনেকের ওজন কমে গেলেও পেটের চামড়া ঝুলে থাকে। এ ক্ষেত্রে কী করা যায়?
উত্তর: এটি বিশেষ করে সন্তান জন্মদানের পর অনেক নারীর ক্ষেত্রে দেখা যায়। আবার যারা অনেক বেশি ওজন কমান, তাদের ক্ষেত্রেও অতিরিক্ত চামড়া (Loose Skin) ঝুলে যেতে পারে। এই ঝুলে যাওয়া চামড়া শুধু ব্যায়াম করে সবসময় ঠিক করা সম্ভব হয় না।
এ ধরনের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী মিনি অ্যাবডোমিনোপ্লাস্টি (Mini Abdominoplasty) অথবা অ্যাবডোমিনোপ্লাস্টি (Abdominoplasty/Tummy Tuck) করা যেতে পারে। এই অপারেশনের মাধ্যমে তলপেটের অতিরিক্ত ঝুলে যাওয়া চামড়া ও অতিরিক্ত টিস্যু অপসারণ করে পেটকে আরও স্বাভাবিক ও সুন্দর আকৃতি দেওয়া সম্ভব।
প্রশ্ন: আপনার পরামর্শ কী?
উত্তর: পেটের চর্বি কমানোর ক্ষেত্রে কোনো শর্টকাট নেই। প্রথমে অবশ্যই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়ামের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। এরপরও যদি অতিরিক্ত চর্বি বা ঝুলে যাওয়া চামড়ার সমস্যা থেকে যায়, তাহলে একজন অভিজ্ঞ প্লাস্টিক ও কসমেটিক সার্জনের (Plastic & Cosmetic Surgeon) পরামর্শ নিয়ে প্রয়োজন অনুযায়ী লাইপোসাকশন (Liposuction) বা অন্যান্য সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন করেই কোন চিকিৎসা সবচেয়ে উপযোগী হবে, তা নির্ধারণ করা হয়।
টিকে/