ইংলিশ গোলরক্ষকের বোতলের ‘গোপন চিরকুট’-ছিল মেসি-আলভারেজদের জন্য বিশেষ পরিকল্পনা
ছবি: সংগৃহীত
০২:১৮ পিএম | ১৭ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত হওয়ার উচ্ছ্বাসের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ভিন্ন দৃশ্য। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মাঠে উদযাপনে ব্যস্ত ছিলেন লিওনেল মেসি ও তার সতীর্থরা। কিন্তু সেই আনন্দের মাঝেই সবার নজর কেড়ে নেয় ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল। ম্যাচ-পরবর্তী এক ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় পিকফোর্ডের বোতলে লাগানো একটি চিরকুট মনোযোগ দিয়ে পড়ছেন। নিকো গঞ্জালেস বোতলটি হাতে নিয়ে মেসির সামনে ধরলে আর্জেন্টাইন অধিনায়কও আগ্রহভরে সেটি দেখেন।
পরে দেখা যায়, সেটি আসলে সম্ভাব্য পেনাল্টি শুটআউটের জন্য প্রস্তুত করা একটি কৌশলগত নোট। আধুনিক ফুটবলে এমন ‘চিটশিট’ নতুন কিছু নয়। অনেক গোলরক্ষকই প্রতিপক্ষ খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার অভ্যাস, শটের দিক এবং সম্ভাব্য সিদ্ধান্ত ছোট কাগজে লিখে পানির বোতলে লাগিয়ে রাখেন। পিকফোর্ডের নোটেও আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের নামের পাশে কোন খেলোয়াড় সাধারণত কোন দিকে শট নেন এবং সে ক্ষেত্রে গোলরক্ষকের কোন দিকে ঝাঁপ দেওয়া উচিত, সে সম্পর্কিত নির্দেশনা ছিল। তবে ইংল্যান্ডের এত বিস্তারিত প্রস্তুতি শেষ পর্যন্ত কোনো কাজে আসেনি। কারণ ম্যাচটি পেনাল্টি শুটআউটে গড়ায়নি। নির্ধারিত সময়েই ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। ম্যাচের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তখন মনে হচ্ছিল, দীর্ঘ ৬০ বছর পর দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে থ্রি লায়ন্সরা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র। ৮৫ মিনিটে লিওনেল মেসির বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করে সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেস জয়সূচক গোল করলে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা।
হারের হতাশা সত্ত্বেও ম্যাচ শেষে মেসির প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। তার ভাষায়, ‘মেসি এখনো সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করছে। তাকে অনেক সময় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও, সে এমন একজন খেলোয়াড় যে মুহূর্তের মধ্যেই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। আজও সে সেটাই করেছে।’ এখন আর্জেন্টিনার সামনে আরও বড় চ্যালেঞ্জ। আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে নামবে মেসির দল। জয় পেলে ১৯৬২ সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।
আরআই/এসএন