ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স আর নেই
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ১৭ জুলাই, ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স আর নেই। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে সুপরিচিত সাবেক এই তারকা ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে সোবার্স ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন। এ সময়ে তিনি ৮,০৩২ রান করার পাশাপাশি ২৩৫টি উইকেট শিকার করেন।
১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে সোবার্স অপরাজিত ৩৬৫ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলেন। পরবর্তী ৩৬ বছর ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে টিকে ছিল।
একজন বাঁহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি বোলিংয়েও ছিলেন অত্যন্ত বহুমুখী। তিনি একই সাথে স্পিন এবং পেস উভয় ধরনের বোলিং করতে পারতেন।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে ৬টি ছক্কা মারার অনন্য কীর্তি গড়েন তিনি।
ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও তিনি উইজডেনের বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
পপ সঙ্গীতশিল্পী রিহান্নার সঙ্গে তিনি ছিলেন বার্বাডোজের জীবন্ত দুই কিংবদন্তির একজন। মাত্র ১৬ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক।১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান। শুরুতে তিনি ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়ে বেশি সফল ছিলেন। কিন্তু ক্যারিয়ার শেষ করেছেন ২৬ টেস্ট সেঞ্চুরি নিয়ে, গড় ৫৭.৭৮। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার রান ২৮ হাজারের বেশি।
অধিনায়ক হিসেবে সোবার্স ততটা নাম কুড়াতে পারেননি। ১৯৬৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের নেতৃত্ব দেন। ১৯৭০ সালে ইংল্যান্ড সফরে অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়কও ছিলেন তিনি।
এমআর/টিকে