© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদো সৌদি ক্লাবে খেলতে পারে, বিশ্বকাপে খেলার সামর্থ নেই: রোনালদো নাজারিও

শেয়ার করুন:
রোনালদো সৌদি ক্লাবে খেলতে পারে, বিশ্বকাপে খেলার সামর্থ নেই: রোনালদো নাজারিও

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৩ পিএম | ১৮ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ ফাইনাল ঘিরে যখন পুরো ফুটবল বিশ্ব বুঁদ, ঠিক তখনই এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার ও বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও। পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে কড়া মন্তব্য করেছেন তিনি।

‘ফেনোমেনন’ খ্যাত এই ব্রাজিলিয়ানের মতে, সিআরসেভেনের বর্তমান যে শারীরিক অবস্থা, তা আর বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের তীব্র প্রতিযোগিতায় খেলার উপযোগী নয়।

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদেরও যে শারীরিক সক্ষমতা ফুরিয়ে আসে, সেটি মনে করিয়ে দিয়ে রোনালদো ফেনোমেনন বলেন, বয়সের অমোঘ প্রভাব মাঠের পারফরম্যান্সে স্পষ্ট ধরা পড়ে। 

তিনি বলেন, ‘একটা সময় আপনার শরীরই আপনাকে বলে দেবে যে আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিস্তিয়ানো ও নেইমার—দুজনই এখন তাদের ক্যারিয়ারের এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে শরীরের বিরুদ্ধে লড়াই করে জেতাটা ভীষণ কঠিন।



পর্তুগিজ সম্রাটকে নিয়ে কিংবদন্তি আরো বলেন, ‘হয়তো সৌদি আরবের লিগে খেলার মতো মান এখনও ওর আছে। কিন্তু বিশ্বকাপে খেলাটা সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি কঠিন। কারণ সেখানকার প্রতিযোগিতার মান থাকে আকাশচুম্বী। ফুটবলের প্রতি আপনার যতই ভালোবাসা, আবেগ বা খেলার তীব্র ইচ্ছা থাকুক না কেন, শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটা নেয় আপনার শরীরই। আমি নিজেও তো আর খেলি না, কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলার পরিকল্পনা করে, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।’ 

চলমান ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। আর সেই স্বপ্নভঙ্গের ম্যাচের মধ্য দিয়েই এবারের বিশ্বমঞ্চে শেষ হয় ৪১ বছর বয়সী রোনালদোর অভিযান। তবে আসর থেকে ছিটকে গেলেও আল-নাসরের এই ফরোয়ার্ড এখনও জাতীয় দল থেকে অবসরের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে ফুটবল মহলে জোর জল্পনা চলছে, ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপেও হয়তো পর্তুগালের জার্সিতে দেখা যেতে পারে এই গোলমেশিনকে।

এবারের বিশ্বকাপে পর্তুগালের হয়ে তিনটি গোল করেছেন ক্রিস্টিয়ানো। যার মধ্যে দুটি ছিল গ্রুপ পর্বে উজবেকিস্তানের বিপক্ষে এবং পেনাল্টি থেকে বাকি একটি করেন শেষ ৩২-এর ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। বুট জোড়া তুলে রাখার নির্দিষ্ট কোনো সময় এখনও ঠিক না করলেও, ক্রিস্তিয়ানোর চোখ এখন পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করার দিকে। 

এমআর/টিকে  

মন্তব্য করুন