© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বুড়ো বয়সেও মেসির এমন পারফরম্যান্স দেখে বিস্মিত স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি

শেয়ার করুন:
বুড়ো বয়সেও মেসির এমন পারফরম্যান্স দেখে বিস্মিত স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২০ পিএম | ১৮ জুলাই, ২০২৬
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি যে লিওনেল মেসি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। স্পেনের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে এবার সেই কথাই স্বীকার করলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। মেসির দীর্ঘ ক্যারিয়ার, ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স এবং আর্জেন্টিনা দলে তার প্রভাবের ভূয়সী প্রশংসা করেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেনের অন্যতম ভরসা রদ্রি সংবাদমাধ্যম এস-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘লিওনেল মেসির অর্জনই তার পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। মেসি নিজেই নিজের পরিচয়। ব্যক্তিগত পুরস্কারের বাইরে তার পুরো ক্যারিয়ারই তার হয়ে কথা বলে।’

রদ্রি ক্যারিয়ারে আটবার মেসির মুখোমুখি হয়েছেন। বার্সেলোনায় মেসির সময় থেকে শুরু করে পরে পিএসজির জার্সিতেও আর্জেন্টাইন মহাতারকার বিপক্ষে খেলেছেন তিনি।



মেসির বর্তমান ফর্ম নিয়েও বিস্ময় প্রকাশ করেন স্প্যানিশ এই মিডফিল্ডার, ‘এত বছর ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলা এবং ৩৯ বছর বয়সেও এমন পারফরম্যান্স করা সত্যিই অবিশ্বাস্য। এই বয়সে এসে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়া অসাধারণ একটি ব্যাপার।’

তবে শুধু মেসিকেই নয়, পুরো আর্জেন্টিনা দলকেই সমান গুরুত্ব দিচ্ছেন রদ্রি। তার মতে, বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অধিনায়কের প্রভাব, ‘আর্জেন্টিনার জন্য মেসি শুধু একজন খেলোয়াড় নন। তিনি তাদের আদর্শ, তাদের নেতা। তবে আমাদের শুধু মেসি নয়, আর্জেন্টিনা দলকে সবদিক থেকেই সতর্কতার সঙ্গে মোকাবিলা করতে হবে।’

রবিবারের বিশ্বকাপ ফাইনালে তাই একদিকে যেমন থাকবে মেসির অভিজ্ঞতা ও নেতৃত্ব, অন্যদিকে স্পেনের মাঝমাঠের অন্যতম সেরা অস্ত্র রদ্রির নেতৃত্বে কঠিন লড়াইয়ের প্রস্তুতিও সম্পন্ন করেছে লা রোহা।

এমআর/টিএ 

মন্তব্য করুন