ইয়ামালের প্রেমিকার গলার নেকলেসে ‘গোপন’ সংখ্যার রহস্য কী?
ছবি: সংগৃহীত
০৩:৪৪ পিএম | ১৮ জুলাই, ২০২৬
স্পেনের তরুণ ফুটবল তারকা লামিন ইয়ামাল বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স দিয়ে যেমন আলোচনায়, তেমনি মাঠের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তার বান্ধবী ইনেস গার্সিয়া। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে স্টেডিয়ামে ইনেসের গলায় দেখা যায় একটি বিশেষ কাস্টম ডায়মন্ড নেকলেস, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্প্যানিশ দৈনিক লা ভ্যানগার্ডিয়া জানিয়েছে, নেকলেসটি সাধারণ কোনো অলংকার নয়। এটি লামিন ইয়ামালের পক্ষ থেকে ইনেস গার্সিয়ার জন্য বিশেষভাবে তৈরি একটি উপহার, যার প্রতিটি অংশে রয়েছে তার ফুটবল ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ স্মৃতি।
প্রতিবেদন অনুযায়ী, নেকলেসটি ডিজাইন করেছেন স্প্যানিশ জুয়েলার ইনিয়াকি তোরেস। যিনি আইটি জুয়েলার্সের প্রতিষ্ঠাতা। তিনি স্প্যানিশ ম্যাগাজিন ওলাকে জানান, এটি সম্পূর্ণ কাস্টম ডিজাইনের একটি অলংকার, যা গোলাপি সোনা ও উচ্চমানের হিরা দিয়ে হাতে তৈরি করা হয়েছে। নেকলেসটিতে দুটি আলাদা অংশ রয়েছে।

একটিতে লেখা রয়েছে ‘LY’, যা লামিন ইয়ামালের নামের আদ্যক্ষর। অন্য অংশে রয়েছে ১০, ১৯, ২৭ ও ৪১- এই চারটি সংখ্যা। এগুলো ইয়ামালের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে পরা জার্সি নম্বরের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছে।
এছাড়া এতে যুক্ত করা হয়েছে ‘৩০৪’ প্রতীক, যা বার্সেলোনার রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন অঙ্ক। এটি ইয়ামালের শৈশব ও নিজের শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। একই সঙ্গে একটি মুকুট ও ফুটবল বুটের নকশাও যুক্ত করা হয়েছে।
দামের দিক থেকেও নেকলেসটি কম আলোচিত নয়। লা ভ্যানগার্ডিয়া ও ওলা-এর তথ্য অনুযায়ী, এর মূল্য ২৫ হাজার থেকে ৩০ হাজার ইউরো। সর্বোচ্চ মূল্য ৩০ হাজার ইউরো ধরা হলে, বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ আনুমানিক ৪৩ লাখ টাকা।
জুয়েলারি বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, এটি ওয়ান-অফ-ওয়ান বা একক ডিজাইনের একটি অলংকার। অর্থাৎ একই নকশার আর কোনো বাণিজ্যিক সংস্করণ বাজারে নেই। প্রতিটি অংশ ইয়ামালের ব্যক্তিগত জীবনের গল্প ও ফুটবল ক্যারিয়ারকে সামনে রেখে তৈরি করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে ইনেস গার্সিয়া প্রথমবারের মতো এই নেকলেস পরে প্রকাশ্যে আসেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেকেই এটিকে শুধু প্রেমিকের উপহার নয়, বরং ইয়ামালের জীবনসংগ্রাম ও সাফল্যের প্রতীক হিসেবেও দেখছেন।
এমআই/টিকে