© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের অনুমতি না পেয়ে ট্রাম্পের সহায়তা চাইলেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের অনুমতি না পেয়ে ট্রাম্পের সহায়তা চাইলেন বিশ্বকাপ জয়ী স্প্যানিশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১১ পিএম | ১৮ জুলাই, ২০২৬
হুয়ান ক্যাপদেভিলা ২০১০ সালের স্পেনের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তার ইচ্ছা স্পেনের এবারের বিশ্বকাপ ফাইনালটি মাঠে বসে দেখার। কিন্তু আবেদন করে যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের অনুমতি পাননি বলে দাবি করেছেন তিনি।

যেসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারেন, তাদের যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশনের (ইএসটিএ) মাধ্যমে অনুমোদন নিতে হয়। আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মনযোগ আকর্ষণ করেছেন ক্যাপদেভিলা।



শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্পকে মেনশন করে তিনি লিখেছেন, ‘আমার সাহায্য দরকার, ডনাল্ড ট্রাম্প! তারা আমাকে জানিয়েছে, আমি আমার সন্তানদের নিয়ে ফাইনাল দেখতে যেতে পারব না, কারণ আমার ইএসটিএ আবেদন বাতিল করা হয়েছে।’

সাবেক ভিয়ারিয়াল ও দেপোর্তিভো লা করুনিয়ার এই ডিফেন্ডার আরও লেখেন, ‘কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? ২০১০ সালের আমার সতীর্থদের সঙ্গে এবং বর্তমান স্পেন দলকে সমর্থন করতে সেখানে যাওয়ার জন্য আমি কতটা উচ্ছ্বসিত ছিলাম, তা আপনারা কল্পনাও করতে পারবেন না।’

যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না, ক্যাপদেভিলা এটা বিশ্বাসই করতে পারছেন না। ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে তারা আমাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিচ্ছে না। আর ফুটবলপাগল আমার সন্তানদের নিয়ে এমন একটি ঐতিহাসিক মুহূর্তও আমি মিস করতে যাচ্ছি। যদি কেউ জানেন কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, তবে আমি সারাজীবন তার কাছে কৃতজ্ঞ থাকব।’

ক্যাপদেভিলা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছেও সহায়তা চেয়েছেন এবং তার পোস্টে স্পেন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়কেও ট্যাগ করেছেন। স্পেনের রেডিও স্টেশন কোপকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যাপদেভিলা বলেন, তার ধারণা ২০১৬ সালে ইরানে একটি প্রীতি ম্যাচ খেলায় অংশ নেওয়ার কারণেই তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সাবেক এই ফুটবলার লা লিগার কিংবদন্তি খেলোয়াড়দের একটি দলের হয়ে তেহরানে ইরানের অল-স্টার দলের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন।

আরআই/টিকে

মন্তব্য করুন