স্পেন আগে গোল করলে আর্জেন্টিনা তিন-চার গোলও খেতে পারে: টনি ক্রুস
ছবি: সংগৃহীত
০৮:৫৯ পিএম | ১৯ জুলাই, ২০২৬
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে নিজের অকপট মন্তব্যের জন্য আবারও আলোচনায় জার্মান কিংবদন্তি টনি ক্রুস। স্পেন ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার চোখে ফেবারিট স্পেন। এমনকি ম্যাচে স্পেন আগে গোল করলে আর্জেন্টিনার বড় ব্যবধানে হারার আশঙ্কাও দেখছেন সাবেক এই মিডফিল্ডার।
বাংলাদেশ সময় সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন।
তার আগে নিজের ভাই ফেলিক্স ক্রুসের সঙ্গে একটি টিকটক অনুষ্ঠানে ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে ক্রুস বলেন, ‘স্পেনের মতো একটি দল যদি এগিয়ে থেকে খেলতে পারে, তাহলে তাদের বিপক্ষে খেলা খুবই কঠিন। স্পেন যদি প্রথম গোলটি করে, তাহলে ম্যাচ প্রায় শেষ। এরপর তারা তিন বা চার গোলও করতে পারে। তখন আর্জেন্টিনা কোনো উত্তরই খুঁজে পাবে না।’
ক্রুসের মতে, পুরো টুর্নামেন্টে লুইস দে লা ফুয়েন্তের দল যেভাবে বলের নিয়ন্ত্রণ ধরে রেখে ম্যাচ পরিচালনা করেছে, সেটিই তাদের সবচেয়ে বড় শক্তি। তাই শুরুতেই এগিয়ে গেলে স্পেনকে থামানো অত্যন্ত কঠিন হবে।

তবে স্পেনকে এগিয়ে রাখলেও আর্জেন্টিনাকে মোটেই খাটো করে দেখছেন না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। বিশেষ করে লিওনেল মেসির উপস্থিতিকে তিনি এখনো ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়ার শক্তি হিসেবে বিবেচনা করছেন।
ক্রুস বলেন, ‘আর্জেন্টিনা হয়তো দল হিসেবে জার্মানির চেয়েও ভালো নয়, কিন্তু তাদের মানসিকতা অসাধারণ। আর মেসিই তাদের ফাইনালে নিয়ে এসেছে। আমি দেখছি, বয়স বাড়লেও মেসির ফুটবল বুদ্ধিমত্তা আরও বাড়ছে।’
৩৯ বছর বয়সেও মেসির পারফরম্যান্স তাকে বিস্মিত করছে বলেও জানান ২০১৪ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার। তার ভাষায়, ‘আমি ভেবেছিলাম ২০২২ বিশ্বকাপই মেসির শেষ বিশ্বকাপ হবে। কিন্তু এখনো সে যে পর্যায়ে খেলছে, তা সত্যিই অবিশ্বাস্য।’
বিশ্বকাপজয়ী জার্মান দলের গুরুত্বপূর্ণ সদস্য ক্রুস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন এবং ক্লাব ক্যারিয়ারও শেষ করেছেন। অবসরের পরও ফুটবল বিশ্লেষক হিসেবে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে মতামত দিয়ে থাকেন তিনি।
একদিকে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্য, অন্যদিকে লামিন ইয়ামালদের সামনে ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। এমন এক ম্যাচের আগে ক্রুসের মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমআই/টিএ