রোজ বোল থেকে মেটলাইফযুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলের মতোই চতুর্থ শিরোপায় চোখ আর্জেন্টিনার
ছবি: সংগৃহীত
১২:৩১ এএম | ২০ জুলাই, ২০২৬
২৩তম ফিফা বিশ্বকাপের পর্দা নামছে আজ। ১৯৯৪ সালের পর দীর্ঘ ৩২ বছরের বিরতি দিয়ে মার্কিন মুলুক এবার আয়োজন করে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এ ক্রীড়া আসরের। সবশেষ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই আসর জিতে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবার আর্জেন্টিনা জিতলে তারাও চতুর্থ শিরোপা জিতবে। স্পেন জিতলে এটি হবে তাদের দ্বিতীয়।
রোববার (১৯ জুলাই) মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এ মহারণ।
১৯৭০ সালের আসরে চ্যাম্পিয়ন হয়ে জুলেরিমে ট্রফি নিজেদের করে নিয়েছিল সেলেসাওরা। এরপর ১৯৯৪ সালের সেই ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
এদিকে, সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতে আর্জেন্টিনাও ৩৬ বছর পর নিজেদের তৃতীয় শিরোপার দেখা পায়। রোজ বোলের মতোই আমেরিকার মাটিতে ফের বিশ্বকাপ ফাইনাল, মেটলাইফে তাই প্রতিবেশী-প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মতোই চতুর্থ শিরোপা জিততে মুখিয়ে দক্ষিণ আমেরিকান পরাশক্তিরা।
দীর্ঘ ৬ দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে দেখা আর্জেন্টিনা-স্পেনের। এবার সরাসরি শিরোপার লড়াইয়ে মুখোমুখি তারা। আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্ট মিলিয়ে দুই দল মোট ১৪ বার মুখোমুখি হলেও বিশ্বকাপের নক-আউটে এটিই তাদের প্রথম দেখা।
পুরোনো ইতিহাস ধরে রেখে আর্জেন্টিনা কি পারবে তাদের ট্রফি ধরে রাখতে, নাকি ১৯৬৬ সালের হারের প্রতিশোধ নিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হবে স্পেন— তার উত্তর মিলবে আজ রাতের মেগা ফাইনালে।
উল্লেখ্য, হাইভোল্টেজ সেমিফাইনালে পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটে স্পেন। অন্যদিকে, শেষ চারের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের মহারথী হয় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এমআর/টিকে