আখতার হোসেনফ্যাসিস্ট আমলে সব দলই সংস্কার চেয়েছিল, এখন বিএনপি আর গণভোট মানতে চায় না
ছবি: সংগৃহীত
০৬:১০ এএম | ২৮ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিএনপিসহ তাদের জোটের সব রাজনৈতিক দলই রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছিল। কিন্তু নির্বাচন হয়ে নতুন সরকার গঠনের পর তারা আর সেই সংস্কারের কথা বলছে না। আমরা চেয়েছিলাম গণভোটের মাধ্যমে জনগণের ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তুলতে, কিন্তু বিএনপি এখন আর গণভোটও মানতে চায় না।
সোমবার (২৭ জুলাই) রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আখতার হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের উদ্যোগ বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, যে দলগুলো একসময় সংস্কারের পক্ষে ছিল, তারা এখন সে অবস্থান থেকে সরে এসেছে।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন– এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলী আহসান ও সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদ মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক।
সভায় এনসিপির স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে দলের অবস্থান তুলে ধরেন।
এমআর/টিএ