‘টাকা চাইতে গেলেই হুমকি’, অভিনেতা সোহমের বিরুদ্ধে নতুন অভিযোগ
ছবি: সংগৃহীত
০২:০২ পিএম | ২৯ জুলাই, ২০২৬
টালিউড অভিনেতা ও পশ্চিমবঙ্গের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগকারী হুগলির আরামবাগের বাসিন্দা ও ‘সোনম মুভিজ’-এর কর্ণধার শেখ শাহিদ ইমাম।
বিষয়টি নিয়ে টালিগঞ্জের চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমকে শাহিদ ইমাম বলেন, ‘আমি ২০২১ সালে সোহমকে টাকা দিয়েছিলাম একটা ছবি তৈরির জন্য। সেই সময় ছবির নাম ছিল “মানিকজোড়”। পরে সেই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় “পাকা দেখা”।
সেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ব্যবসাও হয়। টাকাও পান সোহম। তখন আমি লাভের অংশ চাইতে গেলে আজ দেব, কাল দেব করে কথা ঘোরাতে থাকেন।
তিনি আরো দাবি করেন, ‘এক দিন আমার সঙ্গে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের দেখা হয়। তখন আমি ওই টাকা চাইতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দেন অর্ঘ্য। বলেন, “টাকা চাইতে গেলেন অসুবিধায় পড়বে।” তখন সোহম বিধায়ক ছিলেন। আমাকে বলা হয়েছিল বিধায়ককে চাপ দিলে আমার অবস্থা খারাপ করে দেবে।
পরে আমি সরাসরি সোহমের সঙ্গে কথাও বলেছিলাম। তখন তিনি সটান বলেছিলেন, টাকা দিতে পারবেন না। “পাকা দেখা” ছবির স্যাটেলাইটও স্বত্বও বিক্রি হয়ে গেছে। আমি নিশ্চিত, সেই টাকাও সোহম পেয়েছেন। আমার কাছে তার প্রমাণও রয়েছে।’
এটি প্রথমবার নয়। চলতি বছরের জুন মাসেও সোহম চক্রবর্তীর বিরুদ্ধে একই ধরনের একটি অভিযোগ সামনে আসে। সে সময় কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি অভিযোগ করেন, ‘সোহম এন্টারটেনমেন্ট’-এ বিনিয়োগের জন্য তিনি অভিনেতাকে ১ কোটি ৫ লাখ রুপি দিয়েছিলেন। অভিযোগ অনুযায়ী, ‘লাল সুটকেসটা দেখেছেন?’ সিনেমায় সোহম অভিনয় করবেন—এই আশ্বাসেই ওই অর্থ বিনিয়োগ করা হয়েছিল। তবে পরে ছবিটির নির্মাণ হয়নি এবং সোহমও এতে অভিনয় করেননি বলে অভিযোগ ওঠে। অর্থ ফেরত চাইলে অভিনেতা তাঁর বিধায়ক পরিচয় ব্যবহার করে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছিলেন কৌশিক।
তবে উভয় ঘটনাতেই অভিযোগগুলোর বিষয়ে সোহম চক্রবর্তীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।
এসএন