© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১০ বছর পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা

শেয়ার করুন:
১০ বছর পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৪ পিএম | ২৯ জুলাই, ২০২৬
সংগীতজীবনের ৬২ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে অস্ট্রেলিয়ায় দুটি বিশেষ কনসার্টে অংশ নিতে যাচ্ছেন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। প্রায় এক দশক পর দেশটির দর্শকদের সামনে গান গাইবেন তিনি। একই সঙ্গে মেলবোর্নে এটিই হবে তার প্রথম মঞ্চ পরিবেশনা।

আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের কনসার্ট। এতে রুনা লায়লার সঙ্গে পরিবেশনা করবে বেঙ্গল সিম্ফনি। আরও থাকবেন শিল্পী পিন্টু ঘোষ। এরপর ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’।



এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, ‘অনেক বছর পর অস্ট্রেলিয়ায় আপনাদের গান শোনাতে আসছি। ১ আগস্ট সিডনিতে এবং ৮ আগস্ট মেলবোর্নে আপনাদের জন্য অনেক গান গাইব। অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে।’

জানা গেছে, আজ ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে সঙ্গে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।

এর আগে গত ২৪ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রথমবারের মতো একক সংগীতসন্ধ্যায় দর্শকদের মুগ্ধ করেন রুনা লায়লা। সেই আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ার বাংলা ভাষাভাষী শ্রোতাদের সামনে তার দীর্ঘ সংগীতজীবনের নির্বাচিত জনপ্রিয় গান পরিবেশনের অপেক্ষায় রয়েছেন এই বরেণ্য শিল্পী।

এসএ/এসএন

মন্তব্য করুন