কিশোরগঞ্জের সন্তান হিসেবে প্রতিবাদ জানালাম : এনসিপির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে খায়রুল বাসার
ছবি: সংগৃহীত
০৮:২২ পিএম | ২৯ জুলাই, ২০২৬
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত নিজের মতামত প্রকাশ করেন খায়রুল বাসার। এবার কিশোরগঞ্জের প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে একটি রাজনৈতিক সভায় করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
সম্প্রতি একটি জনসভায় এনসিপির এক নেতা ফজলুর রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে খায়রুল বাসার বলেন, “কিশোরগঞ্জের মতো একটি জেলার গর্ব ও পরিচয় বহনকারী একজন ব্যক্তিত্বকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।”
পোস্টে তিনি উল্লেখ করেন, তার জন্ম কিশোরগঞ্জে। জেলার মানুষের আত্মসম্মানবোধ অটুট থাকলে কোনো ‘বেয়াদব কমেডিয়ান’ সেখানে গিয়ে জেলার একজন সম্মানিত ব্যক্তিকে ‘কিশোরগঞ্জের কলঙ্ক’ বলে মন্তব্য করার সাহস পেতেন না। ভিন্নমত প্রকাশের সুযোগ থাকলেও কাউকে অসম্মান করে জনপ্রিয়তা অর্জনের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয় বলে মত খায়রুল বাসারের।
ফজলুর রহমানকে কিশোরগঞ্জের অহংকার, জেলার পরিচয়, কিংবদন্তি এবং বর্তমানের ‘কান্ডারি’ হিসেবে উল্লেখ করে খায়রুল বাসার তার পোস্টে বলেন, “কিশোরগঞ্জের সব ভদ্রলোক যদি মারা গিয়ে থাকে, আমি এই মাটির সন্তান হিসেবে বেয়াদবির নিন্দা ও প্রতিবাদ জানালাম।”
খায়রুল বাসারের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ এ বিষয়ে ভিন্নমতও প্রকাশ করেছেন।
এসএ/টিএ