© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৫ কেজি ওজন বাড়াচ্ছেন ভিকি!

শেয়ার করুন:
২৫ কেজি ওজন বাড়াচ্ছেন ভিকি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৫ পিএম | ৩১ জুলাই, ২০২৬
পর্দায় চরিত্রের প্রয়োজনে শারীরিক রূপান্তর নতুন কিছু নয়। তবে আসন্ন পৌরাণিক চলচ্চিত্র ‘মহাবতার’-এর জন্য বলিউড অভিনেতা ভিকি কৌশল যে প্রস্তুতি নিচ্ছেন, তা বেশ বড়সড়।

ছবিতে ভগবান পরশুরামের চরিত্রে অভিনয়ের জন্য নিজের বর্তমান ওজনের চেয়ে আরো ২৫ কেজির বেশি ওজন বাড়ানোর পরিকল্পনা করেছেন এই অভিনেতা।
মিড-ডের প্রতিবেদন অনুযায়ী নির্মাতা অমর কৌশিকের বহুল প্রতীক্ষিত ‘মহাবতার’-এ পরশুরামের শক্তিশালী ও বিশাল অবয়ব পর্দায় ফুটিয়ে তুলতে শারীরিকভাবে নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে ভিকিকে। আগামী ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। তার আগে সেপ্টেম্বর থেকেই শুরু হবে অভিনেতার বিশেষ ফিটনেস প্রশিক্ষণ।

জানা গেছে, এই প্রস্তুতিতে ভিকি ফের তাঁর ‘ছাভা’ সিনেমার প্রশিক্ষক তেজস লালওয়ানির সঙ্গে কাজ করবেন। পরশুরামের মতো শক্তিশালী যোদ্ধা-মুনির শরীর তৈরি করতে অভিনেতার হাতে থাকবে মাত্র তিন মাস।



একটি ঘনিষ্ঠ সূত্রের বরাতে মিড-ডে জানিয়েছে, ‘ছাভা’-এর জন্য ভিকি ৮০ কেজি থেকে নিজের ওজন বাড়িয়ে ১০৫ কেজিতে নিয়ে গিয়েছিলেন। এবার ‘মহাবতার’-এর জন্য তাঁকে আরো বৃহৎ ও সুঠাম শরীর তৈরি করতে হবে।

পৌরাণিক বর্ণনায় পরশুরামকে দীর্ঘদেহী, অপরাজিত ও অমর যোদ্ধা হিসেবে তুলে ধরা হয়েছে। সেই অবয়বকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় ফুটিয়ে তুলতেই ভিকির এই কঠোর প্রস্তুতি।
ছবিটির বিভিন্ন দৃশ্যে ভিকিকে পরশুরামের ঐশ্বরিক অস্ত্র ‘পরশু’ হাতে যুদ্ধ করতে দেখা যাবে। ফলে শুধু পেশিবহুল শরীর তৈরি করাই নয়, চরিত্রটির জন্য ধনুর্বিদ্যাও শিখতে হবে অভিনেতাকে।

ভিকির এই শারীরিক রূপান্তরের পরিকল্পনা মূলত তিনটি বিষয়ের ওপর নির্ভর করছে- কঠোর প্রশিক্ষণ, সুষম ও বাড়তি ক্যালরির খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত বিশ্রাম।

ফিটনেস প্রশিক্ষক তেজস লালওয়ানি ও পুষ্টিবিদ অলকেশ শারোত্র মিলে তাঁর জন্য তৈরি করছেন বিশেষ প্রশিক্ষণ ও ডায়েট পরিকল্পনা।
প্রশিক্ষণের অংশ হিসেবে স্কোয়াট, ডেডলিফ্ট, বেঞ্চ প্রেস ও পুল-আপের মতো মাল্টি-জয়েন্ট ব্যায়াম থাকবে। ধীরে ধীরে ব্যায়ামের ওজন ও পুনরাবৃত্তি বাড়িয়ে পেশির আকার ও শক্তি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় অতিরিক্ত ২৫০ থেকে ৫০০ ক্যালরি যোগ করা হচ্ছে। প্রোটিনের পাশাপাশি বাদাম, দুগ্ধজাত খাবার ও বিভিন্ন ধরনের শস্যও থাকবে তাঁর খাদ্যতালিকায়।

তবে পেশি তৈরির এই কঠিন প্রক্রিয়ায় প্রশিক্ষণের পাশাপাশি বিশ্রামকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। নতুন পেশি ও টিস্যু পুনর্গঠনের জন্য ভিকিকে প্রতিদিন অন্তত আট ঘণ্টা ঘুমানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই পেশিগুচ্ছে আবার ভারী প্রশিক্ষণ দেওয়ার আগে অন্তত ৪৮ ঘণ্টা বিশ্রাম রাখার পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে ‘মহাবতার’-এর পরশুরাম চরিত্রটি ভিকি কৌশলের ক্যারিয়ারের অন্যতম বড় শারীরিক চ্যালেঞ্জ হতে চলেছে। মাত্র তিন মাসের প্রস্তুতিতে তিনি কতটা বদলে যেতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

এসএ/টিকে

মন্তব্য করুন