শাহরুখের ‘কিং’ নিয়ে নতুন তথ্য, বাড়ছে ভক্তদের অপেক্ষা
ছবি: সংগৃহীত
১০:৫৭ এএম | ০১ আগস্ট, ২০২৬
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। সিনেমাটির ঘোষণা দেওয়ার পর থেকেই কাস্টিং, গল্প ও শাহরুখের চরিত্র নিয়ে চলছে নানা আলোচনা। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু প্রকাশ করেননি, তবুও বিভিন্ন সূত্রে সিনেমাটি নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে তৈরি হচ্ছে হাই-অকটেন অ্যাকশন থ্রিলার ‘কিং’। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির দেড় বছরেরও বেশি সময় আগে থেকেই এটি বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্টে পরিণত হয়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, ‘কিং’-এর গল্প আবর্তিত হবে একজন মেন্টর ও তার শিষ্যকে ঘিরে। বিপজ্জনক এক অভিযানে তারা কীভাবে প্রতিপক্ষের মোকাবিলা করবে, সেই গল্পই তুলে ধরা হবে সিনেমায়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।

সিনেমাটির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’র মাধ্যমে অভিনয়ে অভিষেক হলেও এটি হবে সুহানার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা। ফলে বাবা-মেয়ের এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
এদিকে ‘কিং’র মাধ্যমে আবারও পর্দায় ফিরছে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় জুটি। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’র মতো সফল সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভক্ত তাদের পুনর্মিলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে শাহরুখও মজার ছলে জানান, তিনিও সমানভাবে উচ্ছ্বসিত।
শুধু তাই নয়, সিনেমাটির কাস্টেও থাকছে বড় চমক। বিভিন্ন সূত্রের দাবি, প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এছাড়া অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় বর্মার মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
এসএ/টিকে