নাইমুল আবরারের মৃত্যু: আনিসুল হকসহ পাঁচ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ পাঁচ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম শুনানি শেষে এই আদেশ দেন। ক্রোক সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
আনিসুল হক ছাড়া বাকি যাদের মালামাল ক্রোকের নির্দেশ দেয়া হয়েছে তারা হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।
মামলার বাদী পক্ষের আইনজীবী ওমর ফারুক আসিফ বলেন, এরপরও আসামিরা হাজির না হলে বা গ্রেপ্তার করা না গেলে তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাতেও কাজ না হলে তাদের পলাতক দেখিয়েই বিচার শুরু হবে।
গত বছরের ১ নভেম্বর বিকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার।
আরও পড়ুন
জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে আবরারের বাবার মামলা
রাহাতের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোকে আইনি নোটিশ
কিশোর আলোর অনুষ্ঠানে নিহত রাহাতের মৃত্যুতে তদন্ত কমিটি
টাইমস/এইচইউ