পুলিশ থেকে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে প্রাণ গেল সিটি করপোরেশনের হিসাব রক্ষকের
ছবি: সংগৃহীত
১০:০২ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে রাজধানীতে আটতলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে সিদ্ধেশ্বরী র্যাংগস গার্ডেন প্যালেস নামের ভবনে এই ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাব রক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরী তার নিজের বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে ওয়ারেন্টের কাগজ আসে থানায়। সেই ভিত্তিতে রমনা থানা পুলিশ গতরাতে তার বাসায় যায়।
ওসি আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে আটতলার বাসায় বেডরুমের জানলার ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। অনেক নিষেধ করা স্বত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। তখন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
এমআর/টিএ