‘টক্সিক’ ট্রেলারেই যশের দাপট, এক ঘণ্টায় ১৬ লাখের বেশি দর্শক
ছবি: সংগৃহীত
০৯:৫৮ এএম | ০৯ আগস্ট, ২০২৬
তারকা যশ। তাই উপমহাদেশের ভক্তরা অপেক্ষায়। আর সে অপেক্ষার ফল যে মিষ্টি হতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলল আজ, ট্রেলারে।
বেঙ্গালুরুতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে গীতু মোহনদাসের ‘টক্সিক’-এর ট্রেলার। এর দৈর্ঘ্য ৪ মিনিট ৩৮ সেকেন্ড। সাধারণ ট্রেলারের চেয়ে বেশ বড়। মজার ব্যপার হলো, এত দীর্ঘ ট্রেলার হওয়ার পরও সিনেমার কাহিনি বুঝতে দেওয়া হয়নি।

ট্রেলারজুড়ে চোখ ধাঁধানো চিত্রায়ন, ভয়াবহ অ্যাকশন আর যশের দাপুটে উপস্থিতি দেখা গেছে। রয়েছেন সিনেমার নায়িকারাও; নয়নতারা, হুমা কুরেশি, কিয়ারা আদভানি, তারা সুতারিয়াদের ব্যতিক্রম সব চরিত্রে উপস্থাপন করা হয়েছে। তাছাড়া সিনেমায় যশ রয়েছেন দ্বৈত চরিত্রে। দুটি চরিত্রের মধ্যে লোমহর্ষক দ্বৈরথ দেখা যাবে।
ট্রেলারে নানা রূপে তার বিধ্বংসী অভিনয়ের আভাস পেয়েই উচ্ছ্বসিত দর্শক। চিত্রনাট্যের জোর থাকলে এই সিনেমা বক্স অফিসে সুনামি তুলবে, এমনটা সহজেই আঁচ করা যায়।
ইউটিউবে প্রকাশের মাত্র এক ঘণ্টায় ‘টক্সিক’-ট্রেলারের ভিউ ছাড়িয়েছে ১৬ লাখ। ধারণা করা হচ্ছে, অন্তর্জালে ট্রেলারটিও রেকর্ড গড়তে পারে।
‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। পাশাপাশি হিন্দিসহ অন্যান্য ভাষায়ও মুক্তি পাবে। কয়েক ধাপে তারিখ পেছানোর পর অবশেষে ২৬ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।
এসএ/এসএন