শুটিংয়ে পরিচালকের যৌন হেনস্তার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
ছবি: সংগৃহীত
১০:২২ পিএম | ১৫ নভেম্বর, ২০২৬
শুটিং সেটে অভিনেত্রীদের যৌন হেনস্তার ঘটনা প্রায়ই উঠে আসে আলোচনায়। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
২০১১ সালে একটি সিনেমার শুটিং চলাকালে পরিচালকের হাতে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। তবে সেই সময় ঘটনাটিকে যৌন হেনস্তা হিসেবে বুঝতেই পারেননি অভিনেত্রী। বহু বছর পর ‘মিটু’ আন্দোলনের সময় অন্য নারীদের অভিজ্ঞতা শুনে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রকৃত অর্থ উপলব্ধি করেন।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানান স্বরা।
অভিনেত্রী বলেন, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাচমাড়িতে ‘তনু ওয়েডস মনু’ সিনেমার আউটডোর শুটিং চলাকালে পরিচালক তাকে যৌন হেনস্তা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি তাকে শারীরিকভাবে স্পর্শ না করায় তখন বিষয়টির গুরুত্ব বুঝতে পারেননি তিনি।
সেই অভিজ্ঞতা স্মরণ করে স্বরা বলেন, ‘ঘটনাটি যখন ঘটছিল তখন আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্তা বলে সেটা বুঝতেই পারিনি। কারণ ওই ব্যক্তি তো আমাকে একফোঁটাও স্পর্শ করেননি।
অভিনেত্রীর মতে, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা মানেই শারীরিক নির্যাতন কিংবা জোরপূর্বক শারীরিক সম্পর্ক নয়। মৌখিক আচরণসহ বিভিন্নভাবেও একজন নারীকে হেনস্তার শিকার হতে হয়। সেই সময়ের পরিস্থিতির কথা মনে করলে এখনো অস্বস্তি বোধ করেন তিনি।

বিশেষ করে ‘মিটু’ আন্দোলনের সময় যখন একের পর এক নারী কর্মক্ষেত্রে যৌন হেনস্তার অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেন, তখন নিজের অতীতের ঘটনাটিও নতুন করে বুঝতে পারেন স্বরা। তার ভাষায়, ‘তখন আমার মনে হয়েছিল, হে ভগবান! এ তো যৌন হেনস্তা।
একেবারে পাঠ্যবইয়ে লেখা যৌন হেনস্তার উদাহরণ!’
‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের সময় ঘটনাটি ঘটেছিল। তখন বলিউডে নিজের অবস্থান তৈরি করার কঠিন লড়াইয়ে ব্যস্ত ছিলেন স্বরা। বয়সও ছিল কম। ইন্ডাস্ট্রিতে তেমন পরিচিতি না থাকায় ব্যক্তিগত কোনো দল কিংবা পাশে দাঁড়ানোর মতো পরিচিত মানুষও ছিলেন না তার। ফলে পুরো পরিস্থিতিতে নিজেকে বেশ অসহায় মনে হয়েছিল অভিনেত্রীর।
তবে সেই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন সিনেমাটির নির্বাহী প্রযোজক। তাকে পুরো ঘটনা খুলে বলেছিলেন স্বরা। অভিনেত্রীর দাবি, তার সহযোগিতার কারণেই শুটিংয়ের বাকি দিনগুলো তুলনামূলক স্বস্তিতে কাটাতে পেরেছিলেন তিনি।
বহু বছর পর নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে এনে স্বরা আবারও মনে করিয়ে দিলেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্তা শুধু শারীরিক স্পর্শের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর নানা রূপ রয়েছে, যা অনেক সময় ভুক্তভোগী নিজেও তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন না।
একেএস